শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জাতীয় সংসদ উপনির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও শেরপুর-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, শেরপুর-৩ আসনটি সীমান্তবর্তী এলাকা হওয়ায় আইন অনুযায়ী সেনাবাহিনী সীমান্তের ৮ কিলোমিটারের ভেতরে সরাসরি দায়িত্ব পালন করতে পারে না। সে কারণে সেনাবাহিনীর পরিবর্তে বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচনের সময় অতিরিক্ত বাহিনী হিসেবে বরাবরের মতো এবারও বিজিবি দায়িত্ব পালন করবে। এ ছাড়া প্রয়োজনে নির্দিষ্ট দায়িত্বে থাকা সদস্যদের পাশাপাশি সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যরাও সহযোগিতা করবেন। নির্বাচনের দিনসহ আগে পাঁচ দিন এবং ভোটের পরের দুই দিন পর্যন্ত মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে সার্বিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবে বিজিবি।
এ বিষয়ে শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও শেরপুর-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্যান্য বাহিনীর সঙ্গে বিজিবি সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। ৪ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত তারা নির্বাচনি এলাকায় মোতায়েন থাকবেন। ১৬ প্লাটুনে প্রায় ৩২০ জন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন।
তিনি আরও বলেন, বিজিবির পাশাপাশি নির্বাচনি নিরাপত্তা জোরদারে র্যাবের ১০টি দল মাঠে কাজ করবে। এ ছাড়া চারটি দল রিজার্ভ ফোর্স হিসেবে প্রস্তুত থাকবে।
উল্লেখ্য, জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। পরবর্তীতে নতুন তফসিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ আসনে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াত প্রার্থী আলহাজ মাসুদুর রহমান মাসুদ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মনোনীত প্রার্থী মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দুটি উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত শেরপুর-৩ আসনে মোট ১২৮টি ভোটকেন্দ্রে ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

