আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রেললাইন খুলে ফেলায় বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

উপজেলা প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)

রেললাইন খুলে ফেলায় বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ
ছবি: আমার দেশ

ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইনের পাত খুলে ফেলায় ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার ভোর সোয়া ৫টার দিকে গফরগাঁও রেলস্টেশনে ঢোকার আগে এ ঘটনা ঘটে। এতে ঢাকা-ময়মনসিংহ লাইনে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে এ দুঘর্টনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী, জিআরপি পুলিশ ও রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রোববার গভীর রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা গফরগাঁও রেলষ্টেশন থেকে প্রায় দেড় কিলোমিটার উত্তরে পৌর শহরের জন্মেজয় মাঠখলা এলাকায় নাট-বল্টু খুলে ২০ ফুট রেললাইন তুলে ফেলে।

বিজ্ঞাপন

এ ঘটনার পর ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেন এসে বাকী ১১টি বগি উদ্ধার করে ময়মনসিংহ রেলওয়ে জংশনে নিয়ে যায়। তবে দুর্ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

গফরগাঁও জিআরপি ফাঁড়ি ইনচার্জ হাবিলদার অঅরিফ রব্বানী বলেন, ট্রেনের গতি কম থাকায় কোন হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

গফরগাঁও রেলওয়ে ষ্টেশনের ষ্টেশন মাষ্টার আশরাফ উদ্দিন চৌধুরি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় ভোর ৫টা থেকে ঢাকা-ময়মনসিংহ রেল লাইনে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত ট্রেনের ইঞ্জিনসহ বগি দুইটি উদ্ধার করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

গফরগাঁও রেলওয়ে ষ্টেশনের পিডব্লিউ (ওয়ে) এর উপসহকারি প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন