নেত্রকোণায় ভয়াবহ লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রাহকদের অসন্তোষ ও অফিস ঘেরাও-ভাঙচুরের আশঙ্কায় জেলা প্রশাসকের কাছে নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি।
১০ আগস্ট জেলা প্রশাসকের কাছে পাঠানো সমিতির জেনারেল ম্যানেজার (চলতি দায়িত্ব) মো. আকরাম হোসেন স্বাক্ষরিত চিঠিতে এসব তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, নেত্রকোণা ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র থেকে ৯টি ৩৩ কেভি ফিডারের মাধ্যমে নেত্রকোণার ১০টি এবং সুনামগঞ্জের দুটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। এসব এলাকায় মোট চাহিদা ১৫৭ মেগাওয়াট।
সমিতির হিসাবে, ৮ আগস্ট রাত ১১টায় ১২৬ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ পাওয়া যায় মাত্র ৬০ মেগাওয়াট। এতে প্রকৃত লোডশেডিং দাঁড়ায় ৭৯ শতাংশে। দীর্ঘ সময় পর বিদ্যুৎ চালু হলে ফ্রিজ, পানির পাম্প, আইপিএসসহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র একসঙ্গে চালু হওয়ায় চাহিদা আরও বেড়ে যায়।
চিঠিতে গ্রাহকদের ফোনে গালিগালাজ, অফিস ঘেরাও ও ভাঙচুরের হুমকির কথাও উল্লেখ করা হয়েছে। এ অবস্থায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত পল্লী বিদ্যুতের অফিস ও উপকেন্দ্রে নিরাপত্তা জোরদারের জন্য জেলা প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

