পূর্ব ধলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ২

পূর্ব ধলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ২
ছবি: আমার দেশ

নেত্রকোণার পূর্ব ধলায় নেত্রকোণা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রোমন মিয়া (৩৪) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর ট্রাকের চালক ও তার সহকারী (হেলপার) আহত হয়েছেন।

নিহত রোমন মিয়া নেত্রকোণার মদন উপজেলার হাঁসকুড়ি মৈধাম গ্রামের সবুজ মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ইসবপুর এলাকার তালেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শ্যামগঞ্জ হাইওয়ে থানার পুলিশ সূত্রে জানা গেছে, নেত্রকোনাগামী ট্রাক (ঢাকা মেট্রো-ন-১৭-৯৬৫৮) ও নেত্রকোনা থেকে ময়মনসিংহগামী ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৫-৯২৫১) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ময়মনসিংহগামী ট্রাকের চালক রোমন মিয়া ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত অপর ট্রাকের চালক ও তার সহকারীকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে । খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ও পূর্বধলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাকে আটকে থাকা নিহত চালকের মরদেহ উদ্ধার করে।

শ্যামগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক ও নিহতের লাশ উদ্ধার করা হয়েছে ।

এ ঘটনায় নিহতের স্ত্রী শাবানা আক্তার বাদী হয়ে পূর্বধলা থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন