জামালপুরের মেলান্দহ মডেল মসজিদে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসল্লিদের আবেগকে কাজে লাগিয়ে অর্থ সংগ্রহের অভিযোগে সঞ্চয় শর্মা (৩৭) নামে এক সনাতন ধর্মাবলম্বীকে আটক করেছেন স্থানীয়রা।
শুক্রবার জুম্মার নামাজের পরে ওই ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করার পর মুসল্লিদের কাছ থেকে আর্থিক সহায়তা নেওয়ার চেষ্টা করেন। এ সময় তার বক্তব্যে সন্দেহ হলে উপস্থিত কয়েকজন মুসল্লি তাকে জিজ্ঞাসাবাদ করেন।
জানা গেছে, সঞ্চয় শর্মা ঠাকুরগাঁও সদর উপজেলার মহেশপুর এলাকার তোতারাম শর্মার ছেলে। তিনি এর আগেও জামালপুর সদর ও ইসলামপুর উপজেলা মডেল মসজিদে একই কৌশলে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসল্লিদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছেন বলে অভিযোগ রয়েছে।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্থানীয়রা তার কাছে থাকা একটি এফিডেভিট দেখতে পান। অভিযোগ রয়েছে, ওই নথি ব্যবহার করেই তিনি বিভিন্ন মসজিদে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণের কথা বলে মানুষের সহানুভূতি আদায় করে অর্থ সংগ্রহ করতেন।
পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাকে আটক করে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না থাকার শর্তে মুচলেকা নিয়ে ছেড়ে দেন।
এ বিষয়ে উপস্থিত কয়েকজন মুসল্লি বলেন, ধর্মীয় আবেগকে পুঁজি করে অর্থ আদায়ের এমন ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তারা এ ধরনের প্রতারণা রোধে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানান।
মেলান্দহ উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি জাহেদুল ইসলাম বলেন, সঞ্চয় শর্মা ইসলাম গ্রহণের ইচ্ছার কথা জানালে সবার সামনে তাঁকে কালেমা পড়ানো হয়। এসময় তিনি গরীব অসহায় বলে আর্থিক সহায়তা চাইলে আমিও তাকে সহযোগিতা করি। পরে জানতে পারি, বিভিন্ন মসজিদে গিয়ে একইভাবে একাধিকবার ইসলাম গ্রহণের কথা বলে তিনি অর্থ সংগ্রহ করেছেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম মাহমুদুল হক বলেন, এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে জানতে পেরেছি, মডেল মসজিদের ইমাম ও কতিপয় মুসল্লির উপস্থিতিতে আর কখনো এমন প্রতারণা করবেন না- এমন শর্তে মুচলেকা নেওয়ার পর এক ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

