১২ লাখ টাকার হেরোইন উদ্ধার, মাদক সম্রাজ্ঞীসহ আটক ৩

১২ লাখ টাকার হেরোইন উদ্ধার, মাদক সম্রাজ্ঞীসহ আটক ৩

নেত্রকোনায় প্রায় সাড়ে ১২ লাখ টাকা মূল্যের হেরোইন উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মাদক মামলার আসামি মাদক সম্রাজ্ঞী’ ললিতা আক্তার (৪৫)সহ তিনজনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার ভোরে জেলা সদরের চল্লিশা এলাকায় নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেত্রকোনা জেলা কার্যালয়ের একটি দল।

অভিযানে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে যাত্রীবেশে থাকা রাজশাহীর মতিহার উপজেলার বাসিন্দা মো. সাগর আহমদের (৩৮) কাছ থেকে ১২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নেত্রকোনা সদর উপজেলার গরুহাট্টা এলাকা থেকে মো. মাসুদ মিয়া (৪২) কে আটক করা হয়।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বারহাট্টা উপজেলার গোপালপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ললিতা আক্তার (৪৫) কে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দাবি, ললিতা আক্তার চক্রটির মূল হোতা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাতটি মামলা রয়েছে। অভিযানে দুটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

অধিদপ্তরের তথ্যমতে, উদ্ধার হওয়া ১২৫ গ্রাম হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ১২ লাখ টাকা।

এ ঘটনায় সোমবার সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. নাজমুল হুদা বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আগামীকাল সকালে তাদের আদালতে পাঠানো হবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন