জামালপুরে অবৈধ ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা, নারীসহ আটক ২

জেলা প্রতিনিধি, জামালপুর

জামালপুরে অবৈধ ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা, নারীসহ আটক ২
ছবি: আমার দেশ

জামালপুর সদর উপজেলায় অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের নিরাপত্তায় নিয়োজিত র‍্যাবের একটি গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবেশ অধিদপ্তর ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকার পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার রায়ের নেতৃত্বে গোবিন্দপুর ও পিঙ্গলহাটা এলাকায় অবৈধ ইটভাটা বন্ধে যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাব ও পুলিশ সদস্যরা অংশ নেন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে গোবিন্দপুর এলাকার ‘জীরণ ব্রিক ফিল্ডে’ অভিযান পরিচালনার সময় ইটভাটার মালিক পক্ষের একজন হঠাৎ র‍্যাবের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে গাড়িটির সামনের কাঁচ ভেঙে যায়। তবে হামলার মধ্যেও অভিযান চালিয়ে যায় ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে পরিবেশগত ছাড়পত্র না থাকায় ‘জীরণ ব্রিক ফিল্ডকে’ ৫ লাখ টাকা জরিমানা করা হয় এবং বুলডোজার দিয়ে ভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়। পরে পিঙ্গলহাটা এলাকার ‘যমুনা ব্রিক ফিল্ডেও’ অভিযান পরিচালনা করা হয়।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে রোজিনা বেগম ও ইটভাটার অংশীদার মাহমুদুল হাসান সুজনকে আটক করে থানায় নিয়ে যায়। তবে প্রধান মালিক সৌরভ হাসান বাবুসহ অন্য অংশীদাররা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ঘটনার পরপরই ইটভাটার মালিক পক্ষের হয়ে একটি চক্র হামলাকারী নারীকে মানসিক রোগী হিসেবে প্রচার চালিয়ে উপস্থাপন করে অভিযানের দায়িত্বরতদের বিভ্রান্ত করে বলে জানিয়েছেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।

অভিযুক্ত রোজিনা বেগম সাংবাদিকদের কাছে স্বীকার করেন, ‘ছেলের অনেক ঋণ রয়েছে। অভিযান চালিয়ে ভাটা ভেঙে দেওয়ায় ক্ষতির আশঙ্কায় রাগের মাথায় আমি গাড়িতে ইট ছুড়েছি।’

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী পরিবেশ অধিপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস জানান, জামালপুর সদর উপজেলার চারটি অবৈধ ইটভাটার মধ্যে দুটি ইটভাটায় অভিযান সম্পন্ন হয়েছে। এ সময় জিরণ ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা ও এর চিমনি ধ্বংস করা হয়। পরে যমুনা ব্রিকসের মালিকপক্ষ না থাকায় এর চিমনি ধ্বংস করা হয়। পরবর্তীকালে আবারো অভিযান পরিচালনা করা হবে।

জামালপুর সদর থানার ওসি মিজানুর রহমান জানান, র‍্যাবের গাড়িতে হামলার ঘটনায় এক নারীসহ দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে র‍্যাব বা পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন