আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মেলান্দহে জমি বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন

উপজেলা প্রতিনিধি, মেলান্দহ (জামালপুর)

মেলান্দহে জমি বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন
প্রতীকী ছবি

জামালপুরের মেলান্দহ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহতের নাম নূরনবী (৪৫)। এ ঘটনায় তার ছোট ভাই আলমকে (৩৬) অভিযুক্ত করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার দেওলাবাড়ি গ্রামের শেখ বাড়ির দেবপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, সুরুজ্জামান ওরফে জামালের দুই ছেলে নূরনবী ও আলমের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য গ্রামবাসীরা একাধিকবার সালিশ বৈঠকের আয়োজন করলেও বিরোধের স্থায়ী সমাধান হয়নি।

ঘটনার দিন সকালে জমি সংক্রান্ত কথাকাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছোট ভাই আলম বড় ভাই নূরনবীর ওপর ছুরিকাঘাত করে। এতে নূরনবী গুরুতর আহত হন। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন