রাতে বাজারের উদ্দেশে বেরিয়ে নিখোঁজ, ভোরে পুকুরে মিলল লাশ

রাতে বাজারের উদ্দেশে বেরিয়ে নিখোঁজ, ভোরে পুকুরে মিলল লাশ
ছবি: আমার দেশ

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পুকুর থেকে ভাসলান অবস্থায় আব্দুল হামিদ (৭৩) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে উপজেলার বহুলী ইউনিয়নের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এর আগে গতকাল রোববার রাত ১০টায় তিনি বাড়ি থেকে বের হয়ে পাশের বাজারের উদ্দেশে রওনা হয়েছিলেন।

বিজ্ঞাপন

আব্দুল হামিদ উপজেলার বহুলী ইউনিয়নের বহুলী মধ্যপাড়া গ্রামের মৃত সদর শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত প্রায় ১০টার দিকে ব্যক্তিগত কিছু কেনাকাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বহুলী বাজারের দিকে রওনা হন আব্দুল হামিদ। এরপর তিনি আর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা ধারণা করেছিলেন, তিনি হয়তো কোথাও বসে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখছেন।

সোমবার ভোরে বহুলী গ্রামের একটি পুকুরে আব্দুল হামিদের লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে নিহতের ছেলে জজ মিয়া ঘটনাস্থলে এসে লাশটি তার বাবার বলে শনাক্ত করেন। পরে প্রতিবেশীদের সহায়তায় লাশ বাড়িতে নেওয়া হয়।

খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিকভাবে ঘটনাস্থলে সন্দেহজনক কোনো আলামত পাওয়া যায়নি। নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় তাদের লিখিত আবেদনের ভিত্তিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন