আলোচনায় নৃবিজ্ঞান বিভাগ

৯ মাসেও ফল প্রকাশ হয়নি নজরুল বিশ্ববিদ্যালয়ে

৯ মাসেও ফল প্রকাশ হয়নি নজরুল বিশ্ববিদ্যালয়ে
ছবি: আমার দেশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ হওয়ার প্রায় নয় মাস পেরিয়ে গেলেও এখনো ফল প্রকাশ করা হয়নি। এরই মধ্যে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষাও শেষ করে তৃতীয় সেমিস্টারে উঠেছেন শিক্ষার্থীরা। কিন্তু প্রথম সেমিস্টারের ফল প্রকাশ না হওয়ায় একাডেমিক অগ্রগতির পাশাপাশি আবাসিক হলে আসন বরাদ্দ নিয়েও জটিলতায় পড়েছেন তাঁরা।

শিক্ষার্থীদের অভিযোগ, একই শিক্ষাবর্ষে ভর্তি হওয়া অন্য বিভাগের শিক্ষার্থীরা একাধিক সেমিস্টারের ফল পেয়ে পরবর্তী একাডেমিক কার্যক্রমে এগিয়ে গেছেন। অথচ নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এখনো প্রথম সেমিস্টারের ফলের অপেক্ষায় থাকতে হচ্ছে। দীর্ঘ এ অনিশ্চয়তা তাঁদের শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা জানান, প্রথম সেমিস্টারের ফল প্রকাশ না হওয়ায় তাঁরা আবাসিক হলে আসনের জন্য আবেদন করতে পারছেন না। একই শিক্ষাবর্ষের অন্য বিভাগের শিক্ষার্থীরা ইতিমধ্যে হলে আসন পেলেও নৃবিজ্ঞান বিভাগের অনেক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের বাইরে মেস কিংবা ভাড়া বাসায় থাকতে হচ্ছে।

এতে প্রতি মাসে অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য এ ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি দীর্ঘদিন ফল আটকে থাকায় তাঁদের মধ্যে সেশনজটের আশঙ্কাও তৈরি হয়েছে।

‎২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রায়হান (ছদ্মনাম) জানান, ‘ফেব্রুয়ারি মাসে প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ করেছি, কিন্তু এখনো ফল পাইনি। এতে আমরা নানা ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়েছি। ফল না পাওয়ার কারণে হলে আসনের জন্য আবেদন করতে পারছি না। বাইরে মেসে থাকা আমাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।’‎

‎একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাইসা (ছদ্মনাম) বলেন, ‘আমাদের সঙ্গে একই সময়ে ভর্তি হওয়া অন্য বিভাগের শিক্ষার্থীরা প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের ফল পেয়েছেন। তাঁরা এখন তৃতীয় সেমিস্টারের পরীক্ষাও দিচ্ছেন। অথচ আমাদের এখনো প্রথম সেমিস্টারের ফলই প্রকাশ করা হয় নাই।

‎এ বিষয়ে বিভাগীয় প্রধান স্বপ্না পাপুল বলেন, “আমরা খাতা মূল্যায়নের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন এক্সটার্নালের কাছে পাঠিয়েছিলাম। কিন্তু তিনি দেশের বাইরে চলে যাওয়ায় তাঁর কাছ থেকে খাতা পেতে দেরি হয়। তবে গত আগস্ট মাসেই আমরা ফল পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে পাঠাই। কিন্তু পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের বিভিন্ন জটিলতার কারণে বারবার সংশোধনী দিতে হয়েছে। ফলে পুরো প্রক্রিয়াটি দীর্ঘায়িত হয়েছে। আমিও বিষয়টি নিয়ে অত্যন্ত হতাশ। আমিও চাই, আমার শিক্ষার্থীরা দ্রুত ফল পাক।’

‎বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ হুমায়ুন কবির প্রথমে বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেন। পরে নথিপত্র যাচাই করে তিনি দেখতে পান, নৃবিজ্ঞান বিভাগের প্রথম সেমিস্টারের ফল এখনো চূড়ান্তভাবে প্রকাশিত হয়নি। এ বিষয়ে বিভাগীয় প্রধানের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করলে তিনি জানান, গত আগস্ট মাসেই ফল পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে পাঠানো হয়েছে।

‎এরপর দপ্তরের কর্মকর্তাদের কাছে ফল প্রকাশে বিলম্বের কারণ জানতে চাইলে তাঁরা কারিগরি সমস্যার কথা জানান। পরে পরীক্ষা নিয়ন্ত্রক পরদিন সকাল ১১টায় বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিষয়টি সমাধান এবং দ্রুত ফল প্রকাশের আশ্বাস দেন।

‎এদিকে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের নির্দেশনা সূত্রে জানা যায়, প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের ফল প্রকাশ না হলে তৃতীয় সেমিস্টারের কার্যক্রম শুরু হওয়ার কথা নয়। নিয়ম অনুযায়ী, জোড় সেমিস্টারের ফল প্রকাশের আগে পরবর্তী সেমিস্টারের কার্যক্রম শুরু করা যায় না।

‎বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে জটিলতা নিরসন করে ফল প্রকাশের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কথা জানিয়েছেন তিনি। তবে দীর্ঘদিন ধরে ফলের অপেক্ষায় থাকা শিক্ষার্থীরা কবে নাগাদ ফল হাতে পাবেন, তা এখনো নিশ্চিত নয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...