সোহেল খানের মৃত্যুর আগে যা ঘটেছিল

সোহেল খানের মৃত্যুর আগে যা ঘটেছিল

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যুতে শোকে স্তব্ধ দেশের বিনোদন অঙ্গন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। সকাল ১০টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে অভিনেতার বয়স কিংবা অসুস্থতার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

‘নসীব’ সিনেমার শুটিংয়ের কাজে বগুড়ায় ছিলেন সোহেল খান। ওই সিনেমার আরেক শিল্পী ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সোহেলের মৃত্যুর ঠিক আগমুহূর্তের মর্মস্পর্শী বিবরণ তুলে ধরেছেন।

বিজ্ঞাপন

জয়ের বর্ণনা অনুযায়ী, বগুড়ার হোটেল মম ইনে অবস্থান করছিলেন তারা। মঙ্গলবার সকালে শুটিংয়ে যাওয়ার উদ্দেশ্যে সাদা শার্ট ও সাদা প্যান্ট পরে তৈরি হয়েছিলেন সোহেল। নিচে তাকে নেওয়ার জন্য গাড়িও অপেক্ষা করছিল। প্রোডাকশনের এক সদস্য তাকে ডাকতে কক্ষে গেলে ঘর থেকে বের হওয়ার মুহূর্তেই হঠাৎ মাটিতে পড়ে যান তিনি।

জয় জানান, লুটিয়ে পড়ার পর সোহেলের মুখ দিয়ে রক্ত বের হতে দেখা যায়। এর কিছুক্ষণ আগে, সকাল ৯টার দিকে নাশতায় ড্রাগন ফল খেয়েছিলেন এই অভিনেতা। শুরুতে উপস্থিত কারও কারও ধারণা হয়েছিল, হয়তো খাবারের কোনো প্রতিক্রিয়া থেকে এমনটি ঘটেছে। তড়িঘড়ি করে তাকে হাসপাতালে নেওয়া হলেও শেষরক্ষা হয়নি।

দীর্ঘদিন ধরে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন সোহেল খান। বিশেষ করে ‘ব্যাচেলর পয়েন্ট’ ও ‘ফ্যামিলি ক্রাইসিস’-এর মতো তুমুল জনপ্রিয় নাটকে তার সাবলীল অভিনয় দর্শকদের কাছে বেশ সমাদৃত ছিল। তার এই অকাল ও আকস্মিক প্রয়াণে সহকর্মী, নির্মাতা ও ভক্তদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন