পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান

তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণের গুঞ্জন শোনা গেলেও তা এখনো চূড়ান্ত হয়নি। নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় সর্বশেষ (তৃতীয়) প্রস্তাবে চতুর্থ গ্রেডে (ন্যূনতম) মালিকপক্ষ ১৫ হাজার ৭০০ টাকা এবং শ্রমিকপক্ষ ২২ হাজার টাকা প্রস্তাব করেছে। তবে কোনো পক্ষই এই প্রস্তাবে সন্তুষ্ট না হওয়ায় আলোচনা এখনো চলমান রয়েছে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের কার্যালয়ে বৈঠকের বিরতিতে সাংবাদিকদের এসব তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

বিজ্ঞাপন

ব্রিফিংয়ে মজুরি বোর্ডের চেয়ারম্যান বিভিন্ন গ্রেডে মালিক ও শ্রমিকপক্ষের দেওয়া সর্বশেষ (তৃতীয়) প্রস্তাবের বিস্তারিত চিত্র তুলে ধরেন:

• প্রথম গ্রেড: শ্রমিকপক্ষের প্রস্তাব ৩৫ হাজার টাকা এবং মালিকপক্ষের প্রস্তাব ১৮ হাজার ৮২৮ টাকা।

• দ্বিতীয় গ্রেড: শ্রমিকপক্ষের প্রস্তাব ৩০ হাজার টাকা এবং মালিকপক্ষের প্রস্তাব ১৭ হাজার ৮৮৭ টাকা।

• তৃতীয় গ্রেড: শ্রমিকপক্ষের প্রস্তাব ২৭ হাজার টাকা এবং মালিকপক্ষের প্রস্তাব ১৬ হাজার ৯৯৬ টাকা।

• চতুর্থ গ্রেড (ন্যূনতম মজুরি): শ্রমিকপক্ষের প্রস্তাব ২২ হাজার টাকা এবং মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৭০০ টাকা।

সৈয়দ আজাদ সুবহানী স্পষ্ট করে বলেন, এটি সর্বশেষ প্রস্তাব, কিন্তু মোটেও ফাইনাল (চূড়ান্ত) নয়। শ্রমিকপক্ষ এই প্রস্তাবে সন্তুষ্ট নয়, আবার মালিকপক্ষও তাদের নানা সমস্যার কথা বলে এর চেয়ে বাড়াতে চাচ্ছে না। দুই পক্ষেরই আপত্তি থাকায় আলোচনা এখনো চলমান রয়েছে।

এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান জানান, গতকাল সোমবার রাত সোয়া ৯টা পর্যন্ত বৈঠক চলেছিল। আজও বৈঠক রাত ৯টা পর্যন্ত গড়াতে পারে। তবে আজকের মধ্যেই আলোচনা শেষ করে নতুন মজুরিকাঠামো চূড়ান্ত করার সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...