মিস ইউনিভার্সে মাতৃত্ব ও বাংলার ঐতিহ্য তুলে ধরলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্সে মাতৃত্ব ও বাংলার ঐতিহ্য তুলে ধরলেন সামিরা খান মাহি

দেশীয় ঐতিহ্য ও মাতৃত্বের চিরন্তন ভালোবাসার বার্তা নিয়ে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার জাতীয় কস্টিউম পর্বে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। লাল-সাদা খাদির শাড়ি, বাংলার সাবেকি নকশার সোনালি গয়না ও পিঠে মাতৃত্বের গল্প ফুটিয়ে তোলা বৃত্তাকার শিল্পকর্মে সেজে ক্যারিবীয় অঞ্চলের পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিত এই আসরের মঞ্চে ওঠেন তিনি। বাংলাদেশ সময় ২২ নভেম্বর ভোর পাঁচটায় এই পর্ব অনুষ্ঠিত হয়, যার মূল ভাবনা ছিল ‘মাতৃত্ব ভালোবাসার এক সর্বজনীন বন্ধন’।

কুমিল্লার খাদিতে মাতৃত্বের গল্প

বিজ্ঞাপন

মাহির পরনের শাড়িটি কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি কাপড়ে তৈরি, যার নকশা করেছেন ডিজাইনার বিশ্বজিৎ মজুমদার। মঞ্চে সহজে হাঁটাচলার সুবিধার্থে ১৬ গজ সুতির খাদি কাপড়ের শাড়িটি রেডি-টু-ওয়্যার পদ্ধতিতে প্রস্তুত করা হয়। শাড়ির পাড়ে এমব্রয়ডারির মাধ্যমে শাপলা ফুলের নকশা এবং ব্লকপ্রিন্টের কাজ যুক্ত করা হয়েছে।

শাড়ির পাশাপাশি মাহির পিঠের বৃত্তাকার শিল্পকর্মটি ছিল বিশেষ আকর্ষণ। সেখানে একটি মেয়েশিশুর শৈশব, ধাপে ধাপে মা হয়ে ওঠা এবং জীবনের শেষ প্রান্তে মেয়ের কোলে আশ্রয় নেওয়ার দৃশ্য তুলে ধরা হয়েছে। এর মধ্য দিয়ে প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা মমতার গল্প ফুটে উঠেছে। ডিজাইনার বিশ্বজিৎ মজুমদার জানান, মাত্র তিন দিনে পুরো কাজটি শেষ করেছেন তিনি; যার মধ্যে দুই দিন শিল্পকর্ম তৈরিতে এবং এক দিন শাড়ি তৈরিতে ব্যয় হয়েছে।

সাবেকি গয়নায় বাংলার ঐতিহ্য

পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে মাহির সাজে ছিল সোনালি গয়না। সীতাহার, কণ্ঠহার, বালা ও কাঁটানা ঝুমকার মতো বাংলার মায়েদের ঐতিহ্যবাহী অলংকার থেকে অনুপ্রাণিত হয়ে গয়নাগুলোর নকশা করেছেন ডিজাইনার তন্বী কবির। নয়জন কারিগর সাত দিনে ৮৮০ কর্মঘণ্টা ব্যয় করে নিপুণ হাতে এসব অলংকার তৈরি করেন।

শেষ মুহূর্তে মিস ইউনিভার্স বাংলাদেশ নির্বাচিত হওয়ায় মাহি শুরুতে জাতীয় পোশাক সঙ্গে নিতে পারেননি। তবে পোশাক ও সাজের প্রস্তুতিতে বড় ভূমিকা রেখেছেন ২০২৫ সালের মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা। মাহি জানান, মিথিলার সহযোগিতায় স্বল্প সময়ের মধ্যেই সবকিছু গুছিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন