আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আমার দেশ সংবাদ প্রকাশের পর

সেই অসহায় বৃদ্ধ দম্পতির আজীবন দায়িত্ব নিলেন যুবদল নেতা

জেলা প্রতিনিধি, জামালপুর

সেই অসহায় বৃদ্ধ দম্পতির আজীবন দায়িত্ব নিলেন যুবদল নেতা

আমার দেশ অনলাইনে সংবাদ প্রকাশ হওয়ার পর জামালপুরে বোতল কুড়িয়ে সংসার চালানো সেই বৃদ্ধ দম্পতির দায়িত্ব নিয়েছেন মেয়র প্রার্থী ও যুবদল নেতা সোহেল রানা খান।

বৃহস্পতিবার দুপুরে শহরের বাগেরহাটা বটতলা মোড়ে জেলা যুবদলের সদস্যসচিব সোহেল রানা খানের দলীয় কার্যালয়ে এ দম্পতির দায়িত্ব নেয়া হয়।

বিজ্ঞাপন

এ সময় বৃদ্ধ দম্পতির কাছে এক বস্তা চাল, দুই লিটার তেল, ডাল, চিনি, আদা, হুইল পাউডার, সাবান, পেঁয়াজ, আলু, সেমাই, মুরগী, শাড়ি কাপড়, লুঙ্গিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ও নগদ অর্থ প্রদান করা হয়।

৭৫ বছর বয়সী চাঁন মিয়া ও কুলসুম বেগম নামের এই বৃদ্ধ দম্পতির বাড়ি শহরের বাগেরহাটা বটতলা মোড় এলাকাতে। খোঁজ নিয়ে জানা যায়, এক সময় রিকশা চালিয়ে সংসার গড়েছিলেন চাঁন মিয়া, তবে এখন বয়সের ভারে জীবনের গতি কমে গেছে, ভেঙে গেছে দু:খের মাঝে একচিলতে সুখের সংসার। একবেলা আধপেটে দিন কাটানোই হয়ে দাঁড়িয়েছে বৃদ্ধ-বৃদ্ধার জীবনের চিত্র। এক ছেলে ও দুই মেয়ের কেউই খোঁজ রাখে না তাদের। এ বৃদ্ধ দম্পতি জামালপুর শহরের পথের ধূলায় খালি প্লাস্টিকের বোতল কাগজ কুড়িয়ে বেড়ায়। দুজন মিলে দুই কেজি প্লাস্টিক বোতল বিক্রি করে পায় ৩০ থেকে ৪০ টাকা। তাই দিয়েই জীবন চলতো কোনো মতে।

যুবদল নেতা সেহেল রানা খান এ বৃদ্ধ দম্পতির আজীবন দায়িত্ব নেয়ার পর আবেগ আপ্লুত কন্ঠে চাঁন মিয়া বলেন, আঙ্গর জীবনটা একেবারে বীষ হয়ে গেছিল। দুই বুড়া-বুড়ি দিনে বোতল কুড়ায়ে কইটা ভাত খাইতাম। কোনো ভবিষ্যৎ আছিল না। এহন একটা গতি হইছে। এহন আমরা একটু নিশ্চিন্ত।

মেয়র প্রার্থী সোহেল রানা খান বলেন, সন্তানদের ফেলে যাওয়া এই পরিবারের বেঁচে থাকা লড়াইয়ের করুন কাহিনী আমার দেশ অনলাইনে পড়ে এ বৃদ্ধ দম্পতিকে বাবা-মায়ের সম্মান দিয়ে আজীবনের ভরণপোষণ দায়িত্ব নিলাম। আমাদের সমাজে এমন অসহায়দের সংখ্যা অনেক। আমরা যারা একটু সচ্ছল আছি, তারা যদি এভাবে দুই একজনের দায়িত্ব নেই। তাহলে সমাজটা অনেক সুন্দর হবে। গরীব-অসহায়রা উপকৃত হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন