হাসিনা ১৬ বছরে গণতন্ত্রকে কবরস্থানে পাঠিয়েছেন: রিজভী

হাসিনা ১৬ বছরে গণতন্ত্রকে কবরস্থানে পাঠিয়েছেন: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা তার ১৬ বছরের শাসনামলে গুম, খুন, নির্যাতন ও নিপীড়নের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে ‘কবরস্থানে’ পাঠিয়েছেন।

তিনি আরও বলেন, এই সময়ে বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছিল, কিন্তু তার নীতি থেকে তাকে টলানো সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

বুধবার দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ উপজেলা বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বাংলাদেশ ‘তলাবিহীন ঝুড়ি’তে পরিণত হয়েছিল। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে সেই জাতি ঘুরে দাঁড়িয়েছিল। তার সময়ে বাংলাদেশ চাল রপ্তানি করেছিল এবং একটি শক্তিশালী জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছিল। তিনি আরও বলেন, জিয়াউর রহমান দেশের কৃষকদের সুবিধার জন্য ১৬০০ খাল খনন করেছিলেন।

রিজভী বলেন, দেশে ৫ই আগস্টের পর ‘দানবের পতন’ হয়েছে এবং মানুষ এখন মুক্ত। তিনি আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেন। তবে একই সাথে তিনি অভিযোগ করেন যে, শেখ হাসিনা দিল্লিতে বসে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন। এই ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

পিআর (প্রোপোশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি প্রসঙ্গে রিজভী বলেন, দেশের বেশিরভাগ মানুষ এই পদ্ধতি সম্পর্কে অবগত নয়, তাই তারা ব্যালটের মাধ্যমে নির্বাচন চায়।

দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ উপজেলা বিএনপির এই কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানী। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, ফরিদুল কবির তালুকদার শামীম এবং ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ স্থানীয় নেতারা।

কর্মী সমাবেশ শুরুর আগে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের পক্ষ থেকে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে চিকিৎসা সহায়তা এবং একটি অটোরিকশা প্রদান করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন