জ্যৈষ্ঠের প্রচণ্ড দাবদাহে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বেড়েছে তালশাঁসের কদর। উপজেলার বিভিন্ন হাট-বাজার ও সড়কের মোড়ে মোড়ে বসছে তালশাঁসের অস্থায়ী দোকান। তীব্র গরমে স্বস্তির খোঁজে এসব দোকানে ভিড় করছে নানা শ্রেণি-পেশার মানুষ। সুস্বাদু এই মৌসুমি ফলে যেমন মিলছে শীতল প্রশান্তি, তেমনি রয়েছে নানা পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা। অন্যদিকে মৌসুমি এই ফল বিক্রি করে বাড়তি আয় করছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।
উপজেলার বালিজুড়ী বাজার। বিক্রেতারা তাল কেটে শাঁস বের করে ক্রেতাদের হাতে তুলে দিচ্ছেন। অনেক ক্রেতাকে তালশাঁস নেওয়ার অপেক্ষায় দোকানের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কে আগে শাঁস কিনবেন, তা নিয়ে ক্রেতাদের মাঝে ছিল একধরনের প্রতিযোগিতা। ফলে তাল কাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিক্রি হয়ে যাচ্ছে শাঁস।
এতে বিক্রেতাদের ব্যস্ততাও বেড়েছে কয়েকগুণ। একই চিত্র মিলেছে জোনাইল বাজার, মিলন বাজার, কয়ড়া বাজার, মহিষবাথান বাজারসহ উপজেলার বিভিন্ন হাট-বাজারে।
বালিজুড়ী বাজারের ক্রেতা আলমগীর হোসাইন বলেন, তালের শাঁস সুস্বাদু ও প্রশান্তিদায়ক একটি ফল। গরমের সময় প্রায় প্রতিদিনই কিনে খাই এবং ছেলে-মেয়ের জন্য বাড়িতে নিয়ে যাই।
রিকশাচালক সোহেল রানা বলেন, দুপুরের তীব্র গরমে তালশাঁস খেলে শরীরে খুব আরাম লাগে। এটি তৃষ্ণা মেটানোর পাশাপাশি ক্ষুধাও কমিয়ে দেয়।
গৃহিণী রাবেয়া বেগম বলেন, ছেলে-মেয়েরা তাল শাঁস খেতে চায়। গরমে তালের কচি শাঁস ও এর ভেতরের মিষ্টি পানি তৃষ্ণা মিটিয়ে শরীরে আরাম দেয়। বাচ্চাদের জন্য শাঁস নিতে এসেছি। প্রতিটি শাঁস ১০ টাকায় বিক্রি হচ্ছে।
তালশাঁস কিনতে আসা স্কুল শিক্ষিকা নাছরিন আক্তার বলেন, প্রাকৃতিক এই ফলটা খেতে যেমন ভালো লাগে, তেমনি শরীর ঠান্ডা রাখতেও সাহায্য করে। দাম তুলনামূলক কম হলেও তাজা ও ফরমালিনমুক্ত তালশাঁস তৃষ্ণা নিবারণের পাশাপাশি ক্ষুধা নিবারণেও সহায়তা করে।
তালশাঁস বিক্রেতা জিয়াউল ইসলাম বলেন, গরম পড়লে তালশাঁসের বিক্রি বেড়ে যায়। প্রতি বছর এই মৌসুমে শাঁস বিক্রি করি। একটি তালের ভেতরে সাধারণত তিনটি, আবার কোনো কোনো তালে চারটি শাঁস থাকে। প্রতিটি শাঁস ১০ টাকা করে বিক্রি করছি। তিনি বলেন, বৈশাখ-জ্যৈষ্ঠ এই দুই মাস চলবে তালের শাঁস বিক্রি। সকাল থেকে রাত পর্যন্ত ৩০০ থেকে ৪০০টি তাল বিক্রি হয়। তালশাঁস বিক্রি করে চারজনের সংসার ভালোই চলছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, তালের শাঁসে প্রচুর পানি ও খনিজ লবণ রয়েছে। এতে ক্যালসিয়াম, ভিটামিনসহ নানা ধরনের পুষ্টি উপাদান রয়েছে। পাশাপাশি এতে রয়েছে পর্যাপ্ত আঁশ। গরমে শরীরের স্বাভাবিক কার্যক্রম ঠিক রাখতে তালের শাঁস উপকারী।
তিনি আরও জানান, তালের শাঁস শরীরকে দ্রুত শীতল করে। অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় শরীরের কোষের ক্ষয় প্রতিরোধ করে। শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতেও সহায়তা করে। তবে যাদের ঠান্ডাজনিত সমস্যা রয়েছে, তাদের পরিমিত পরিমাণে খাওয়ার পরামর্শ দেন তিনি।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

