ময়মনসিংহে হামে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু

ময়মনসিংহ অফিস

ময়মনসিংহে হামে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
ছবি: আমার দেশ

হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি চলমান থাকলেও ময়মনসিংহে দিনে দিনে বাড়ছে হামের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার (সকাল ৯টা) থেকে মঙ্গলবার (সকাল ৯টা) পর্যন্ত সময়ে নতুন করে ৩২ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬ জন শিশু। বর্তমানে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে মোট ৭৪ জন শিশু চিকিৎসাধীন।

বিজ্ঞাপন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম প্রাদুর্ভাব ইউনিটের ফোকাল পারসন ডা. গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, চলতি বছরের ১৭ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ৯২৫ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৮৩১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তবে এ সময় হামে আক্রান্ত হয়ে মোট ২০ শিশুর মৃত্যু হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কর্মসূচি জোরদারের পাশাপাশি অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত না করা গেলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন