ময়মনসিংহে ডিভোর্সের জেরে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

ময়মনসিংহ অফিস

ময়মনসিংহে ডিভোর্সের জেরে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা
সাবেক স্বামী-স্ত্রী

স্ত্রীর ডিভোর্স মেনে নিতে না পেরে ময়মনসিংহের এক প্রবাসফেরত স্বামী রাগে ক্ষোভে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে পরে নিজেই আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১ জুলাই) ভোর পাঁচটার দিকে নগরীর গুলকীবাড়ি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন রাকিবুল করিম রাকিব (৫০) ও তার সাবেক স্ত্রী রওশন আক্তার (৪৫)।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাকিব দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত ছিলেন। তিন মাস আগে স্ত্রী রওশন তাকে তালাক দেন। চলতি মাসের ৫ তারিখ তালাক কার্যকর হওয়ার কথা। এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীকে নিয়ে নানা ক্ষোভ ঝাড়তে থাকেন রাকিব। সোমবার নিজের ফেসবুক পোস্টে তিনি রওশনকে ‘পরকীয়ায় আসক্ত’ এবং ‘চরিত্রহীনা’ বলে আখ্যায়িত করেন।

পরে মঙ্গলবার ভোরে বোরকা পরে কাজের মেয়ের ছদ্মবেশে রাকিব গোপনে রওশনের ভাড়া বাসায় প্রবেশ করেন। এ সময় তিনি ছোট মেয়েকে ঘরে আটকে রেখে স্ত্রী রওশন আক্তারকে ছুরিকাঘাত করে হত্যা করেন। হত্যার পর ছোট মেয়ের হাতে সম্পত্তির দলিল ও ব্যাংক হিসাব সংক্রান্ত কাগজপত্র তুলে দিয়ে নিজেই ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন।

নিহত রওশন আক্তারের গ্রামের বাড়ি নেত্রকোনার রাজুর বাজার এলাকায়। তিনি ময়মনসিংহ নগরীর গুলকীবাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় ছোট মেয়েকে নিয়ে বসবাস করছিলেন। বড় মেয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এবং ছোট মেয়ে নগরীর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, ডিভোর্সের পর থেকে রাকিব মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। দেশে ফিরে পরিকল্পিতভাবে তিনি এই হত্যাকাণ্ড ঘটান। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন