জামালপুরের বকশীগঞ্জে গভীর রাতে পাচারের সময় ২৩ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার টুপকারচর গ্রামে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভ্যানগাড়িতে করে সার পাচারের টুপকারচর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি ভ্যানগাড়ি থেকে ২৩ বস্তা সার জব্দ করা হয়। পরে জব্দ করা সার বকশীগঞ্জ থানা পুলিশের হেফাজতে রাখা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, ‘জব্দ করা সারগুলো কোথা থেকে এসেছে এবং কোথায় নেওয়া হচ্ছিল, তা জানার চেষ্টা চলছে। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে কৃষকদের অভিযোগ, ডিলার পয়েন্টে সার নিতে গিয়ে তাদের নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে। চাহিদা অনুযায়ী সার না পেয়ে অনেক কৃষককে খালি হাতে ফিরে যেতে হচ্ছে। তাদের অভিযোগ, সংকটের সুযোগ নিয়ে কোনো কোনো ডিলার কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে সার বিক্রি করছেন এবং বিভিন্ন এলাকায় সার সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
তবে সার বিতরণে অনিয়ম ও কৃষকদের ভোগান্তি কমাতে বকশীগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ সম্প্রতি অনলাইনভিত্তিক অ্যাপের মাধ্যমে সার বিতরণ পদ্ধতি চালু করেছে। এর মাধ্যমে কৃষকের চাহিদা ও প্রাপ্যতা অনুযায়ী সার বিতরণের তথ্য সংরক্ষণ করা হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘অ্যাপের মাধ্যমে সার বিতরণ শুরু হওয়ায় একজন কৃষকের যতটুকু সার প্রয়োজন, তিনি ততটুকুই পাবেন। এতে সার বিতরণে অনিয়মের সুযোগ কমে আসবে।’
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

