আমি দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না: ডেপুটি স্পিকার

উপজেলা প্রতিনিধি, কলমাকান্দা (নেত্রকোনা)

আমি দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, আমি নিজে দুর্নীতি করব না আমার এলাকায় কাউকে করতেও দেব না। আমার আত্মীয় পরিচয় দিয়ে কেউ যদি দুর্নীতি করে তাকে ছাড় দেওয়া হবে না আইনের হাতে তুলে দেওয়া হবে।

বৃহস্পতিবার কলমাকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি সমাজ থেকে মাদক নির্মূল এবং সরকারি উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর তীব্র জোর দেন।

বিজ্ঞাপন

ডেপুটি স্পিকার বলেন, বিগত ১৫-১৬ বছরে সমাজের সর্বস্তরে মাদক একটি ব্যাধি হিসেবে ছড়িয়ে পড়েছে, যা এখন ইউনিয়ন ছাড়িয়ে গ্রাম পর্যায়েও থাবা বসিয়েছে। যুবসমাজকে এই করাল গ্রাস থেকে বাঁচাতে খেলাধুলার বিকল্প নেই। প্রতিটি পিতা-মাতাকে তাদের সন্তানের স্মার্টফোন ব্যবহারের পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও শারীরিক কসরতের প্রতি মনোযোগী করার আহ্বান জানান তিনি।

কলমাকান্দার ক্রীড়াঙ্গনকে পুনর্গঠন করতে আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ ও প্রয়োজনীয় চিঠিপত্র আদান-প্রদান সম্পন্ন হয়েছে এবং তিনি নিজে এর ফলো-আপ রাখছেন।

খাদ্য গুদামে ধান সংগ্রহে কৃষকদের তালিকায় মিল মালিক ও ফড়িয়াদের নাম অন্তর্ভুক্তির তীব্র সমালোচনা করেন। এখন পর্যন্ত জমাকৃত, ১৭৮ জন তালিকাভুক্ত কৃষকের মধ্যে ৮০% প্রকৃত কৃষক নন। মিল মালিকরা কৃষকের নাম ব্যবহার করে ফায়দা লুটছেন। তিনি স্পষ্ট জানান, সরকারি মূল্যের চেয়ে বাজারে কম দামে ধান বিক্রি করতে বাধ্য হওয়া কৃষকদের ঠকিয়ে কোনো সুবিধাভোগীকে ছাড় দেওয়া হবে না।

সাম্প্রতিক হাওরের বন্যাকে ‘প্রাকৃতিকের চেয়ে মানবসৃষ্ট’ উল্লেখ করে তিনি বলেন, মাছ চাষের নামে বড় বড় গর্ত বা খোড়ল তৈরি এবং বাঁধের জমি বেদখল করার কারণে উজান থেকে আসা পানি সরতে পারছে না। তিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবিলম্বে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

কলমাকান্দা ও নেত্রকোনার উন্নয়ন কর্মকাণ্ডে পিছিয়ে থাকা দপ্তরগুলোর কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীরা জনগণের সেবক, মালিক নন। দায়িত্ব অবহেলা করলে প্রয়োজনে অন্য জায়গায় বদলি হয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।

ব্যারিস্টার কায়সার কামাল অত্যন্ত দৃঢ়তার সাথে ঘোষণা করে বলেন, ‍আমি নিজে দুর্নীতি করি নাই, দুর্নীতি করব না এবং দুর্নীতিকে কখনো প্রশ্রয় দেবো না। আমার আপন ভাইয়ের ক্ষেত্রেও যদি কোনো অনিয়ম পাওয়া যায়, তাও বরদাস্ত করা হবে না। কোনো আমলা বা সুবিধাভোগী মহল যেন আমার নাম ভাঙিয়ে প্রশাসনের ওপর প্রভাব খাটাতে না পারে।

তিনি আবেগঘন কণ্ঠে বলেন, আমি কৃষকের সন্তান। আমার এলাকার ৯০% মানুষ কৃষক। ক্ষমতার চেয়ার উপভোগ করতে আমি এমপি বা ডেপুটি স্পিকার হই নাই, জনগণের সেবা করতে হয়েছি। জনগণের অধিকার বঞ্চিত করে কোনো কাজ হতে দেওয়া হবে না।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন