‘জিনের বার্তা’ বিশ্বাস করে কবর খুঁড়ে লাশ উত্তোলন, এরপর যা ঘটল

জামালপুর ও মেলান্দহ প্রতিনিধি

‘জিনের বার্তা’ বিশ্বাস করে কবর খুঁড়ে লাশ উত্তোলন, এরপর যা ঘটল

জামালপুরের মেলান্দহ উপজেলায় দাফনের কয়েক ঘণ্টা পর ‘জিনের বার্তা’ পাওয়ার দাবি করে এক নারীর মরদেহ কবর থেকে উত্তোলন করেন স্বজনরা। পরে হাসপাতালে নিয়ে ইসিজিসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক নিশ্চিত করেন, ওই নারী মৃতই ছিলেন। এরপর মরদেহটি পুনরায় দাফন করা হয়।

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটেছে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে। মৃত নারীর নাম হালিমা (৬৫)। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে অসুস্থতাজনিত কারণে হালিমার মৃত্যু হয়। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তবে সন্ধ্যার পর পরিবারের কয়েকজন সদস্য দাবি করেন, মৃত নারীর ছেলে ও মেয়ের ওপর ‘জিনের আসর’ হয়েছে এবং তাদের মাধ্যমে বার্তা এসেছে, হালিমা মারা যাননি; তাকে দ্রুত কবর থেকে তুলে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

এ দাবির পর রাত ৮টার দিকে স্বজনরা কবর খুঁড়ে মরদেহ উত্তোলন করেন। পরে মরদেহটি প্রথমে মেলান্দহে নেওয়া হয়। সেখানে নিশ্চিত হতে না পেরে রাত সাড়ে ১১টার দিকে জামালপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, সেখানে ইসিজিসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক হালিমাকে মৃত ঘোষণা করেন। এরপর পরিবারের সদস্যরা মরদেহটি নিজ এলাকায় ফিরিয়ে নিয়ে রাত দেড়টার দিকে পুনরায় দাফন করেন।

রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. বাহাদুর মিয়া।

তিনি বলেন, “দাফনের পর পরিবারের সদস্যরা জিনের নির্দেশ পাওয়ার কথা বলে কবর থেকে মরদেহ উত্তোলন করেন। পরে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর পুনরায় দাফন করা হয়েছে।”

এ বিষয়ে পরিবারের সদস্যরা প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি। হাসপাতালের চিকিৎসকরাও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.টি.এম. মাহমুদুল হক বলেন, “বিষয়টি আমাদের আনুষ্ঠানিকভাবে কেউ জানায়নি। বিভিন্ন সূত্রে শুনেছি, জিনের আসরের কথা বলে কবর থেকে মরদেহ তোলা হয়েছে। পুলিশকে জানানো হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেত।”

স্থানীয়দের ভাষ্য, ‘জিনের বার্তা’ পাওয়ার দাবির ভিত্তিতেই স্বজনরা মরদেহ উত্তোলনের সিদ্ধান্ত নেন। ঘটনার পর বিষয়টি এলাকায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন