রাতে খাওয়ার পর বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি মিজানুর রহমান (২৫)। পরদিন দুপুরে পুকুর থেকে উদ্ধার করা হয় তার লাশ। নেত্রকোনার মদনে সুপারিগাছ ভেঙে নিচে পড়ে এই যুবকের মৃত্যু হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার দুপুরে মদন পৌর শহরের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মিজানুর রহমান মদন পৌর শহরের আদর্শ কারিগরি বাণিজ্য কলেজ এলাকার রোকন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হন মিজানুর। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। বৃহস্পতিবার দুপুরে মদন পৌর শহরের বিকাশ বৈশ্যের বাড়ির পুকুরে তার লাশ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ গিয়ে পুকুর থেকে লাশ উদ্ধার করে।
তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গতকাল দিবাগত রাতের কোনো একসময় নেশাগ্রস্ত অবস্থায় পুকুরপাড়ের একটি সুপারিগাছে ওঠেন মিজানুর। একপর্যায়ে গাছটি ভেঙে পুকুরপাড়ের গার্ডওয়ালের ওপর পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অদূরে সুপারিগাছের গোড়ায় নিহতের জুতা ও ডেনডি সেবনের সরঞ্জাম পাওয়া গেছে।
নিহতের বাবা রোকন মিয়া বলেন, গতকাল রাতে ভাত খেয়ে সে বাড়ি থেকে বের হয়, তারপর আর ফেরেনি। এ নিয়ে কারও বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই।
মদন থানার ওসি সালাউদ্দিন করিম জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় সুপারিগাছে ওঠায় গাছটি ভেঙে নিচে পড়ে তার মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

