নেত্রকোনা- ৪ (মদন- মোহনগঞ্জ- খালিয়াজুরী) আসনের সাবেক এমপি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব সাজ্জাদুল হাসানের বিরুদ্ধে ছাত্রজনতার আন্দোলনের হামলার অভিযোগে মামলা হয়েছে। এ মামলায় মদন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুছ, সাধারণ সম্পাদক আবদুল হান্নান তালুকদার শামীম, মদন পেরৗসভার মেয়র সাইফুল ইসলাম সাইফ, উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন সাদত ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ ৬৮জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ১০০ - ২০০ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মদন থানায় মামলা মামলা করা হয়েছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে গত শুক্রবার মদন থানায় মামলাটি দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে চোখ হারানো উপজেলার চানগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু ওরফে নবাব। নবাব নেত্রকোনার আবু আব্বাছ ডিগ্রি কলেজের শিক্ষার্থী।
মামলায় অভিযোগ করা হয়, গত বছরের ১৮ জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা মদন শহরে মিছিল বের করে। এ সময় কঠোর হাতে আন্দোলন দমাতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দেন তৎকালীন নেত্রকোনা- ৪ আসনের সাবেক এমপি সাজ্জাদুল হাসান।
এদিন আন্দোলন চলাকালে পুলিশকে পেছনে রেখে ছাত্র-জনতার ওপর গুলি চালায় ও ককটেল বিস্ফোরণ ঘটনায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে মদন উপজেলার চানগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু ওরফে নবাবসহ ৫০-৬০ জন ছাত্র-জনতা গুরুতর আহত হয়।
আহত হলে নবাব এক চোখের দৃষ্টি হারান, অন্য চোখও মারাত্মক জখম হয়। এ ঘটনায় মেহেদী হাসান মিন্টু ওরফে নবাব বাদী হয়ে গত শুক্রবার সাবেক এমপি সাজ্জাদুল হাসানসহ ৬৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০০ থেকে ২০০ জনের বিরুদ্ধে বিস্পোরক দ্রব্য আইনে মদন থানায় মামলা করেন। পুলিশ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিনকে শনিবার রাতে গ্রেপ্তার করে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
নেত্রকোনা- ৪ আসনের সাবেক এমপি সাজ্জাদুল হাসান আত্মগোপণে থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান বলেন, বিস্ফোরক আইনে মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

