কেন অনিশ্চয়তায় কাটছে অধিকাংশ ভারতীয়র জীবন

কেন অনিশ্চয়তায় কাটছে অধিকাংশ ভারতীয়র জীবন
ভারতের আহমেদাবাদে একটি খাবারের দোকানের বাইরে মানুষ বিনামূল্যে খাবারের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। ছবি: এপি

ভারতে গত এক যুগে প্রায় ৫০ কোটি মানুষ দারিদ্র্যসীমার ওপরে উঠেছেন। ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে দেশটিতে চরম দারিদ্র্যের হার ২৭ দশমিক ১ শতাংশ থেকে কমে ২ দশমিক ৬ শতাংশে নেমেছে। বিশ্বব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে এই চিত্র। কিন্তু দারিদ্র্য কমার এই সাফল্যের আড়ালেও লাখ লাখ ভারতীয়র জীবনে অভাব ও অনিশ্চয়তা রয়ে গেছে। সামান্য অসুস্থতা, চিকিৎসার খরচ কিংবা পারিবারিক কোনো বিপর্যয় তাদের আবার দারিদ্র্যের মুখে ঠেলে দিতে পারে। আয় বাড়লেও কেন তাদের জীবনে আর্থিক নিরাপত্তা আসছে না, সেই প্রশ্নই সামনে এনেছে বিশ্বব্যাংকের প্রতিবেদন ও সাধারণ মানুষের জীবনসংগ্রাম।

বিজ্ঞাপন

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। করোনা মহামারি এবং ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের মতো একাধিক ধাক্কা সামলেও দেশটির অর্থনীতি এগিয়েছে। বিশ্বব্যাংকের হিসাবে, ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্য থেকে বের করে এনেছে। এ সময়ে চরম দারিদ্র্যের হার ২৭ দশমিক ১ শতাংশ থেকে কমে ২ দশমিক ৬ শতাংশ হয়েছে।

এত বিপুলসংখ্যক মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনার ঘটনা বিশ্বে বিরল। এর আগে চীন চার দশকে ৮০ কোটির বেশি মানুষকে চরম দারিদ্র্য থেকে বের করে এনেছিল। কয়েকজন অর্থনীতিবিদ ভারতের এই অর্জনকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। তবে তাদের মতে, দারিদ্র্য দূর করতে দেশটিকে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে।

ভারতের দারিদ্র্য পরিস্থিতি নিয়ে অবশ্য বিতর্ক রয়েছে। দেশটির সরকার এক দশকের বেশি সময় ধরে ভোগব্যয়ের ভিত্তিতে দারিদ্র্যের কোনো সরকারি হিসাব প্রকাশ করেনি। ফলে আন্তর্জাতিকভাবে তুলনাযোগ্য হিসাবের জন্য বিশ্বব্যাংকের নতুন ভোগব্যয় জরিপ ও নিজস্ব দারিদ্র্যসীমার ওপর নির্ভর করতে হচ্ছে। কয়েকজন অর্থনীতিবিদ বিশ্বব্যাংকের হিসাব নিয়েও প্রশ্ন তুলেছেন। তাদের মতে, গ্রাম ও শহরের মানুষের জীবনযাত্রার পার্থক্য বিবেচনায় না নেওয়ায় দারিদ্র্যের প্রকৃত চিত্র পুরোপুরি উঠে আসছে না।

তবে এসব পরিসংখ্যান ও বিতর্কের বাইরে রয়েছে সাধারণ মানুষের বাস্তব জীবন। আলজাজিরার এক প্রতিবেদনে ভারতের রাজস্থান রাজ্যের রাজসমন্দ জেলার কয়েকটি পরিবারের জীবনসংগ্রামের চিত্র তুলে ধরা হয়েছে। বিশ্বব্যাংকের নির্ধারিত দারিদ্র্যসীমার ওপরে উঠলেও এসব পরিবারের জীবনে অভাব ও অনিশ্চয়তা কাটেনি।

রাজসমন্দের ২৫ বছর বয়সি হেমা প্রজাপতির পরিবার এর একটি উদাহরণ। তিন সদস্যের সংসারে তার মাসিক ব্যয় ১১ হাজার রুপি (প্রায় ১১৭ ডলার)। বিশ্বব্যাংকের হিসাবে, এই আকারের একটি পরিবারের মাসিক দারিদ্র্যসীমা প্রায় ৭ হাজার ৩৮০ রুপি (প্রায় ৭৮ ডলার)। অর্থাৎ কাগজে-কলমে হেমার পরিবার আর দরিদ্র নয়। অথচ মাসের শেষ দিকে তাদের রান্নাঘরের তাক খালি হয়ে যায়। স্বামী হরি প্রজাপতি ঋণের বোঝায় ডুবে যাচ্ছেন। আর খাবারের বড় অংশ তুলে রাখতে হচ্ছে ৯ বছর বয়সি ছেলে দিব্যাংশের জন্য।

হেমার বিয়ে হয়েছিল মাত্র ১১ বছর বয়সে। তার শ্বশুরবাড়ির সদস্যরা বংশপরম্পরায় মাটির পাত্র তৈরি করতেন। কিন্তু সেই ব্যবসায় সংসারের খরচ না মেটায় তার স্বামী রাস্তার পাশে পানিপুরি বিক্রি শুরু করেন। করোনা মহামারির কারণে সেই ব্যবসাও বন্ধ হয়ে যায়। এরপর হেমা আশপাশের বাড়িতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ ও বাসন ধোয়ার কাজ শুরু করেন। এতে মাসে তার আয় হয় ৫ হাজার রুপি (প্রায় ৫৩ ডলার)। কিন্তু কাজ করেও সংসারের অভাব কাটেনি।

হেমা বলেন, ‘কাজ শুরু করার পর আমাদের সংসারে কিছুটা স্বস্তি এসেছে। কিন্তু এখন টাকা আরো দ্রুত শেষ হয়ে যাচ্ছে। ঋণের পরিমাণও বেড়েছে। জিনিসপত্রের দাম অনেক বেড়েছে। আমরা যা আয় করি, তা দিয়ে খরচ মেটে না।’

ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি সম্পদের বৈষম্যও প্রকট। দেশটির মোট সম্পদের ৪০ শতাংশের মালিক শীর্ষ ১ শতাংশ মানুষ। বিশ্বব্যাংকের প্রতিবেদনেও এই বৈষম্যের বিষয়টি উঠে এসেছে। এ ছাড়া ভারতের সরকারি ভোক্তা মূল্যসূচক অনুযায়ী, ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে সামগ্রিক ভোক্তামূল্য অন্তত ৫১ শতাংশ বেড়েছে। এই সময়ে মজুরি বৃদ্ধির হার মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মেলাতে পারেনি।

ভারত সরকারের খাদ্যনিরাপত্তা কর্মসূচির আওতায় প্রতি মাসে প্রায় ৮০ কোটি মানুষ বিনা মূল্যে বা ভর্তুকি মূল্যে খাদ্যশস্য পান। বিশ্বব্যাংকের মতে, চরম দারিদ্র্য কমাতে এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সরকারি বিদ্যালয় এবং বিনা মূল্যে বা কম খরচে চিকিৎসার জন্য সরকারি হাসপাতালের সুবিধাও রয়েছে। কিন্তু জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় এসব সহায়তা অনেক পরিবারের আর্থিক চাপ সামাল দিতে পারছে না।

হেমার ছেলে দিব্যাংশের দুই মাস আগে প্রচণ্ড সর্দি ও জ্বর হয়েছিল। সরকারি হাসপাতালে দীর্ঘ অপেক্ষা, অতিরিক্ত রোগীর চাপ ও সীমিত চিকিৎসাসুবিধার কারণে তিনি ছেলেকে বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসায় খরচ হয় প্রায় ৬ হাজার রুপি (প্রায় ৬৪ ডলার)। এই অর্থ তার এক মাসের আয়ের চেয়েও বেশি। হেমার আশঙ্কা, প্রতিবার ছেলেকে বেসরকারি হাসপাতালে নেওয়ার সামর্থ্য তার নেই।

সামান্য আর্থিক ধাক্কায় আবার দারিদ্র্যের মধ্যে পড়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে ভারতের আরও অনেক পরিবার। নয়াদিল্লির উন্নয়ন অর্থনীতিবিদ সন্তোষ মেহরোত্রা বলেন, ভারতে দারিদ্র্যসীমা খুবই নিচু। একটি মহামারি, খরা, বন্যা কিংবা পারিবারিক বিয়ের মতো ঘটনাও একটি পরিবারকে আবার দারিদ্র্যের মধ্যে ঠেলে দিতে পারে।

এর উদাহরণ হেমার প্রতিবেশী ৩১ বছর বয়সি সুশীলা সালভি। ১৪ বছর পর গত বছরের ডিসেম্বরে তিনি দ্বিতীয়বারের মতো অন্তঃসত্ত্বা হন। সরকারি হাসপাতালে আস্থা না থাকায় তিনি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেন। আগের আট বছরে মেকআপের কাজ শিখে একটি ছোট পারলার চালু করেছিলেন সুশীলা। মেয়ের উচ্চশিক্ষার জন্যও টাকা জমিয়েছিলেন। কিন্তু গর্ভকালীন চিকিৎসায় প্রায় ৬৫ হাজার রুপি (প্রায় ৬৯৫ ডলার) খরচ হওয়ায় তার সব সঞ্চয় শেষ হয়ে যায়। এমনকি মেয়ের মাসে ৬০০ রুপি খরচের অতিরিক্ত পড়াশোনাও বন্ধ করতে হয়।

নয়াদিল্লির উপকণ্ঠে বসবাসকারী ৩৭ বছর বয়সি সীমা কুমারের অভিজ্ঞতাও একই রকম। তিন সদস্যের পরিবারে তার মাসিক খরচ ২০ হাজার রুপি (প্রায় ২১৪ ডলার)। খরচ বেড়ে গেলে তাকে ঋণ নিতে হয়। উৎসব কিংবা ১৭ বছর বয়সি ছেলের জন্মদিনের মতো উপলক্ষেও ধারদেনা করতে হয়।

আবার সব বিপর্যয় আগে থেকে অনুমান করা যায় না। গত সপ্তাহে দীপাবলি উৎসবের সময় আতশবাজির ধোঁয়ায় নয়াদিল্লির বায়ুদূষণ রেকর্ড পর্যায়ে পৌঁছায়। পরদিন বিষাক্ত ধোঁয়াশার মধ্যে কাজে বের হওয়ার পর সীমা ও তাঁর পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়েন। ছেলের জন্য একটি মাস্কও কিনতে পারেননি তিনি।

সীমা আলজাজিরাকে বলেন, ‘আমি আমার ছেলের জন্য একটি মাস্ক কিনতে পারিনি। অথচ তারা বলছে, আমি আর দরিদ্র নই।’

রাজস্থানে হেমার সংসারেও প্রতিদিনের হিসাব মেলানো কঠিন হয়ে পড়ছে। ছেলের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য স্বামীকে হাসপাতালে যেতে বলেছিলেন তিনি। কিন্তু মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে তেলের দাম বেড়ে যাওয়ায় মোটরসাইকেলে পেট্রল ভরার সামর্থ্য নেই বলে জানান হরি। শেষ পর্যন্ত হেমাকেই পেট্রলের টাকা দেওয়ার প্রস্তাব দিতে হয়।

হেমার একটাই আশা, ছেলে যেন বড় হয়ে জীবনে কিছু করতে পারে। তার কথায়, ‘আমি যদি এক দিনও কাজ না করি, এক মাস কাজ না করার কথা তো বাদই দিলাম, তাহলে আমরা আবার চরম দারিদ্র্য ও অভাবের দিনগুলোতে ফিরে যেতে পারি।’

ভারতের দারিদ্র্য কমার পরিসংখ্যানের সঙ্গে সাধারণ মানুষের এই অভিজ্ঞতার বড় ধরনের ব্যবধান রয়েছে। দারিদ্র্যসীমার ওপরে ওঠা মানেই যে আর্থিক নিরাপত্তা নিশ্চিত হওয়া নয়, এসব পরিবারের জীবনই তার প্রমাণ। আয় সামান্য বাড়লেও খাদ্য, চিকিৎসা ও দৈনন্দিন ব্যয় মেটাতে যাঁদের ঋণ করতে হয়, তাদের জীবনে দারিদ্র্যের ঝুঁকি থেকেই যায়। ফলে দারিদ্র্য কমানোর সাফল্যের পাশাপাশি মানুষের জীবনযাত্রার মান ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাও ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...