বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, দেশের সবচেয়ে বেশি নির্যাতিত নারী নেত্রী হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি ছোট ছেলের মৃত্যুশোক, মঈন উদ্দিন-ফখরুদ্দিনের অত্যাচার এবং বর্তমান ফ্যাসিবাদী সরকারের নির্যাতন—কোনোকিছুর সঙ্গেই আপস করেননি।
তিনি উপমহাদেশের সবচেয়ে বড় দেশপ্রেমিক। তিনি সব সময় বলতেন, ‘আমার বিদেশে কোনো ঠিকানা নেই, এই দেশই আমার ঠিকানা।’ তিনি ১৮ কোটি মানুষের আলোকবর্তিকা। গণতন্ত্রের প্রতিটি আন্দোলনে সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছেন তিনি। একটি মেধাবী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তাঁর কোনো বিকল্প নেই।
শুক্রবার (১৫ আগস্ট) সখীপুরের রফিক কনভেনশন সেন্টারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত মাস্টার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সবুর রেজা, হাজী আব্দুল গনি, মীর আবুল হাশেম আজাদ, যুবদলের আহ্বায়ক ফরহাদ ইকবালসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অ্যাডভোকেট আযম খান আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দেশের পথে-প্রান্তরে ঘুরে বেড়িয়েছেন। মৃত্যুর মুখে পতিত হয়েও তিনি কখনো কারো সঙ্গে আপস করেননি। এ কারণেই তিনি আপসহীন নেত্রী হিসেবে পরিচিত। বাংলাদেশের সার্বিক উন্নয়নে তিনি নিজেকে সব সময় নিয়োজিত রেখেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

