জামালপুর-২ (ইসলামপুর) আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. সামিউল হক ফারুকী বলেছেন, দেশের মানুষ সৎ, দক্ষ ও আল্লাহভীরু নেতৃত্ব চায়। ইসলামপুরবাসী এবার অন্যায়ের বিরুদ্ধে রায় দিয়ে ইনশাআল্লাহ ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দেবে।
তিনি আরো বলেছেন, ক্ষমতার রাজনীতি নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। ইসলামপুরকে দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক এলাকা হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
রোববার বিকেলে ইসলামপুর সরকারি কলেজ মাঠে ১১ দলীয় জোটের উদ্যোগে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইসলামপুর উপজেলা জামায়াতে আমীর মোহাম্মদ রাশেদুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি আবু মুছার সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা সুরা সদস্য মাওলানা আমজাদ হোসেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রহমান ওমর, সাবেক উপজেলা শিবির সভাপতি আজিজুর রহমান, পৌর আমীর মাসুম, সেক্রেটারি মোতাসিম বিল্লা, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মনির হোসেন, উপজেলা শিবির সভাপতি আরিফুল ইসলাম ও সেক্রেটারি ইহসানুল বারী আম্মার প্রমুখ।
জনসভা শেষে ড. সামিউল হক ফারুকীর নেতৃত্বে একটি বিশাল গণমিছিল বের করা হয়। গণমিছিলটি ইসলামপুর সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

