যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের লাশ গ্রামের বাড়িতে

উপজেলা প্রতিনিধি, মাদারগঞ্জ (জামালপুর)

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের লাশ গ্রামের বাড়িতে

বাড়ি আঙিনায় অ্যাম্বুলেন্স। ভেতরে কফিনবন্দি সাদা কাফনে মোড়ানো লাশ। শেষ বারের মতো একনজর দেখতে এসে স্বজন আর প্রতিবেশীরা নির্বাক । যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী লিমনের লাশ দেখতে ছুটে এসছেন শতশত মানুষ।

বিজ্ঞাপন

সোমবার বিকেল তিনটা ১০ মিনিটে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার লালডোবা এলাকায় পৌঁছেছে লিমনের লাশ।

এর আগে সকালে লিমনের লাশ বহনকারী একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বিমানবন্দর থেকে লিমনের লাশ অ্যাম্বুলেন্সে করে তার গ্রামের বাড়ি লালডোবা নেওয়া হয়। লাশ বাড়িতে পৌঁছালে স্বজন, বন্ধু ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

মাগরিবের নামাজের পর লালডোবা উচ্চ বিদ্যালয় মাঠে লিমনের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন হওয়ার কথা রয়েছে।

লিমনের বাবা জহুরুল ইসলাম বলেন, আমার ছেলে লিমন পিএইচডির জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিল এবং সেখানে তাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। বিদেশে পড়তে গিয়ে আর যেন কেউ এভাবে প্রাণ না হারায়।

লিমনের বাবা বলেন, আমার সবচেয়ে কষ্ট হচ্ছে আমি নিজে অনেক কষ্ট করে ছেলে দুটোকে বড় করেছি। কোনদিন তাদেরকে আঘাত করিনি। আমার ছেলেকে এইভাবে মরতে হবে, কখনও ভাবতেই পারিনি।

লিমন ২০১৪ সালে গাজীপুরের মাওনা মডেল হাইস্কুল থেকে এসএসসি এবং ২০১৬ সালে বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। ২০২৪ সালের জুলাই মাসে পিএইচডি করার জন্য যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভর্তি হন।

১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে জামিল আহমেদ লিমন (২৭) ও নাহিদা সুলতানা বৃষ্টি (২৭) নিখোঁজ হন। পরদিন তাদের এক বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আনেন। পরে ২৪ এপ্রিল ফ্লোরিডার ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের আশপাশে ডুবুরি দলের অনুসন্ধানের পর তার ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়।

লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতিমালা বিষয়ে পিএইচডি করছিলেন। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুগারবিয়েহকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...