নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা

বাকৃবির কৃষিকন্যা হলে সিলিং ভেঙে চুরি

প্রতিনিধি, বাকৃবি

বাকৃবির কৃষিকন্যা হলে সিলিং ভেঙে চুরি
কৃষিকন্যা হল। ইনসেটে ভাঙা সিলিং। ছবি: আমার দেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষিকন্যা হলে সিলিং ভেঙে একাধিক শিক্ষার্থীর কক্ষে ঢুকে নগদ অর্থ ও ব্যাগ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে হলের খ-ব্লকের ১৩ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, চোর সিলিংয়ের পথ ব্যবহার করে কক্ষে প্রবেশ করে প্রায় ৪ হাজার টাকা, আইডি কার্ডসহ দুটি ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে রিডিং রুম থেকে ফিরে দরজার তালা খুলতে গিয়ে দেখি ভেতর থেকে দরজা আটকানো। অথচ তখন রুমে আমাদের কোনো রুমমেট ছিল না। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় জানালা দিয়ে তাকিয়ে দেখি এক ব্যক্তি ভেতরে অবস্থান করছে। আমাকে দেখতে পেয়ে সে দ্রুত সিলিংয়ের পথ দিয়ে পালিয়ে যায়। পরে রুমে ঢুকে দেখি টাকা ও ব্যাগ নেই।

তিনি আরও বলেন, পুরো ঘটনায় আমরা আতঙ্কের মধ্যে আছি। মেয়েদের হলে তালাবদ্ধ কক্ষেও যদি সিলিং ভেঙে চোর ঢুকে পড়ে, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? প্রশাসনের কাছে আমাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

একই ব্লকের আরেক শিক্ষার্থী বলেন, ‘ঈদের ছুটির কারণে অধিকাংশ শিক্ষার্থী হল ত্যাগ করলেও কয়েকজন হলে অবস্থান করছিলেন। সকাল ১০টার দিকে খ-১৫ নম্বর রুমের ওয়াশরুমের জানালার পাশে মানুষের মতো কাউকে দেখা যায়। বিষয়টি হলের কর্মীদের জানানো হয়েছিল। তবে তখন কাউকে পাওয়া যায়নি। পরে এটিকে গুরুত্ব না দিলেও আজকের ঘটনার পর আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।’

এ বিষয়ে কৃষিকন্যা হলের প্রভোস্ট অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, ‘হলের নির্মাণকাজ চলমান থাকায় প্রয়োজনের তুলনায় কর্মীর সংখ্যা কম। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। তবে ঘটনাটি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। এটি পরিকল্পিত চুরি হতে পারে কিংবা কোনো নেশাগ্রস্ত ব্যক্তি সুযোগ নিয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।’

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন