নেত্রকোণার পূর্বধলায় রাস্তা পার হতে গিয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মারিয়া আক্তার প্রীতি (৬) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে পূর্বধলা-নেত্রকোণা সড়কের উপজেলা সদর ইউনিয়নের নয়াপাড়া (থানা রোড) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রীতি উপজেলা সদরের পুকুরিয়াকান্দা গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে। সে স্থানীয় দারুল উলুম নয়াপাড়া মহিলা মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালে প্রীতি মাদ্রাসায় যায়। ছুটি শেষে বাড়ি ফেরার পথে নয়াপাড়া (থানা রোড) এলাকায় রাস্তার অপর পাশে তার বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে সে দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। এ সময় একটি চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় সে সড়কে ছিটকে পড়ে যায়। এ সময় অটোরিকশার একটি চাকা তার শরীরের ওপর দিয়ে চলে গেলে সে গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

