ইসলামপুরে যমুনার চরাঞ্চলে দুর্বৃত্তদের হাতে ইউপি সদস্য খুন

ইসলামপুরে যমুনার চরাঞ্চলে দুর্বৃত্তদের হাতে ইউপি সদস্য খুন

জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য (জিগাতলা গ্রাম) আব্দুর রহিমকে (৫০) দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

শনিবার (২৭ জুন) মধ্যরাতে প্রশাসনের লোক পরিচয় দিয়ে ইউপি সদস্য আব্দুর রহিমকে ঘরের বাইরে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তাকে।

আব্দুর রহিম ইসলামপুর উপজেলার ১নং কুলকান্দি ইউনিয়নের (১নং ওয়ার্ড) জিগাতলা গ্রাম থেকে দুইবার ইউপি সদস্য নির্বাচিত হন। তিনি জিগাতলা গ্রামের তয়বুর খন্দকারের ছেলে।

কুলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান জানান, আব্দুর রহিম ১নং ওয়ার্ড (জিগাতলা) থেকে দুইবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। কিন্তু দুর্বৃত্তরা কেন তাকে খুন করেছে এ নিয়ে রহস্য রয়ে গেছে। গভীরভাবে শোকাহত আমরা। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন চেয়ারম্যান।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আতিকুর রহমান জানান, রাত আনুমানিক দেড়টার দিকে খবর পেয়ে আড়াইটার দিকে পুলিশ তার নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছায়।

তিনি বলেন, সুরতহাল শেষে নিহত ইউপি সদস্য আব্দুর রহমানের লাশ থানায় আনা হয়।

উল্লেখ্য, এ নিয়ে যমুনার দুর্গম চরাঞ্চলে দুর্বৃত্তদের হাতে দুইজন ইউপি সদস্য খুনের ঘটনা ঘটলো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন