জামালপুরের দেওয়ানগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদেরকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী গ্রামের আশকর আলী (৪০) ও জাহিদুল ইসলাম (৩৫)।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ভুক্তভোগী গৃহবধূ ও আসামিরা একই গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে আসামিরা ওই নারীকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। তিনি প্রস্তাব প্রত্যাখ্যান করায় তার ছবি এডিট করে আপত্তিকর ছবি তৈরি করা হয়। পরে এসব ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে স্বামী-সন্তানকে হত্যার হুমকি দিয়ে গৃহবধূকে একাধিকবার ধর্ষণ করেন।
মামলার নথি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীর বক্তব্য অনুযায়ী, ২০২২ সালের ৩১ মার্চ রাতে ভুক্তভোগীর স্বামী বাড়িতে না থাকার সুযোগে আশকর আলী ও জাহিদুল ইসলাম জোরপূর্বক তার বসতঘরে প্রবেশ করেন। জাহিদুলের সহযোগিতায় আশকর আলী ওই নারীকে একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে তার স্বামী বাড়িতে ফিরে ঘটনাটি দেখতে পেয়ে বাধা দিলে আসামিরা স্বামী-স্ত্রী দুজনকেই মারধর করেন। তাদের চিৎকার শুনে এক প্রতিবেশী এগিয়ে এলে তাকেও লাঞ্ছিত করা হয়।
এ সময় আসামিরা মুঠোফোনে আপত্তিকর দৃশ্য ধারণ করেন এবং ঘটনা কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান।
ঘটনার পর ২০২২ সালের ১০ এপ্রিল ভুক্তভোগী গৃহবধূর ছেলে বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় তিনজনের নাম উল্লেখ করে ধর্ষণের মামলা করেন। পরে তদন্ত শেষে পুলিশ আশকর আলী ও জাহিদুল ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
মামলায় ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেন।
রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

