ইঁদুরে বৈদ্যুতিক তার কেটে ব্ল্যাকআউটের ঘটনায় বন্ধ হয়ে যাওয়া যমুনা সার কারখানায় মেরামত কাজ শেষে সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১টায় আবারো ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে।
কারখানা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) গভীর রাতে পাওয়ার প্লান্টে ইঁদুর তার কাটায় শর্ট সার্কিটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে সার উৎপাদন বন্ধ হয়ে যায়। জরুরি ভিত্তিতে ত্রুটি সারিয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। চালু করা হয়েছে যমুনা সার কারখানা ।
যমুনা সার কারখানার জিএম (অপারেশন) মো. ফজলুল হক জানান, পাওয়ার প্লান্টে তার কেটে যাওয়ার কারণে ব্ল্যাকআউট হয়েছিল। দ্রুত মেরামত কাজ শেষ করা হয়েছে। সোমবার দুপুর ১ ঘটিকা থেকে ৭৫ শতাংশ হারে আবারও ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে অতিরিক্ত সুরক্ষা ও নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে।
কারখানার উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. দেলোয়ার হোসেন জানান, পাওয়ার প্ল্যান্টের যান্ত্রিক ত্রুটি মেরামত করে কারখানায় নিয়মিত ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। গ্যাসের চাপ স্বাভাবিক হলে ধীরে ধীরে উৎপাদন বাড়ানো হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

