আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জামালপুর-৩ আসন

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে টাকা বিতরণ করতে গিয়ে আটক ৩

উপজেলা প্রতিনিধি, মাদারগঞ্জ (জামালপুর)

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে টাকা বিতরণ করতে গিয়ে আটক ৩

জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভর পক্ষে টাকা বিতরণ করতে গিয়ে নগদ টাকাসহ তার ৩ কর্মী জনতার হাতে আটক হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকালে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কয়ড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সাজাপ্রাপ্তরা হলেন- মেলান্দহ উপজেলার চর সগুনা এলাকার হারুন উর রশিদের ছেলে মেহেদী হাসান (২৫), ছবিলাপুর এলাকার মো. জালাল উদ্দিন আকন্দের ছেলে জাহাঙ্গীর আলম (৫২) এবং একই এলাকার আব্দুল আজিজ মন্ডলের ছেলে জহুরুল ইসলাম (৬৫)।

জানা গেছে, বুধবার বিকালে উপজেলার জোড়খালী ইউনিয়নের চরগোলাবাড়ী এলাকায় স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভর পক্ষে টাকা বিতরণ করে তার কর্মী মেহেদী হাসান, জহুরুল ইসলাম এবং জাহাঙ্গীর আলম। স্থানীয়রা বাঁধা দিলে তারা টাকা বিতরণ বন্ধ করে দেয়। পরে আদারভিটা ইউনিয়নের কয়ড়া বাজার এলাকায় পৌঁছে আবারও টাকা বিতরণ শুরু করে। খবর পেয়ে ৯৪ হাজার ৫শ’ টাকাসহ তাদের আটক করে স্থানীয় জনতা। পরে পুলিশ ও সেনাবাহিনীকে খবর দিয়ে তাদের হাতে তুলে দেয়।

স্থানীয় বাসিন্দা মাহমুদুল হাসান সোহাগ জানান, তারা তিনজনকে একটি বাড়িতে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখে খোঁজ নেন। পরে নিশ্চিত হন যে, তারা স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভর ‘কাপ-পিরিচ’ প্রতীকের পক্ষে ভোটারদের মাঝে টাকা বিতরণ করছেন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন।

পরে জামালপুর-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত সিভিল জজ আরিফ হোসাইন তাৎক্ষনিক ভ্রমমাণ আদালত বসিয়ে অভিযুক্ত তিনজনের স্বীকারোক্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় নির্বাচনী আচরণবিধি ২০২৬-এর ৪ ধারা ভঙ্গের দায়ে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা এবং ১ মাস করে বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন।

এ সময় মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তফিজুর রহমান ভূঞা, পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়াউল ইসলাম উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...