জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করা শতাধিক নেতা-কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।শনিবার রাতে পদত্যাগের পরদিন রোববার দুপুরে তারা জামায়াতের একটি নির্বাচনী জনসভায় আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুরে সিংহজানী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় মাদারগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল আমিন তাদের হাতে ফুল দিয়ে দলে স্বাগত জানান।
জানা যায়, শনিবার (৩১ জানুয়ারি) রাতে গণঅধিকার পরিষদের দলীয় শৃঙ্খলা, নীতি ও আদর্শ থেকে সরে আসার অভিযোগ তুলে জামালপুর জেলা ও মাদারগঞ্জ-মেলান্দহ উপজেলার শতাধিক নেতাকর্মী একযোগে পদত্যাগ করেন। পদত্যাগের পরদিন রোববার দুপুরে তারা জামালপুরে আয়োজিত জামায়াতের নির্বাচনী জনসভায় অংশ নেন এবং সেখানে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।
জামায়াতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন- জামালপুর জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি আল আমিন মন্ডল,এ্যাডভোকেট মোশারফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম, মেলান্দহ উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব শাহীন আলম, জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল মন্ডল, মাদারগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম, ডা. রফিকুল ইসলাম, মাদারগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি জাকিরুল ইসলাম জাকির, সহ-সভাপতি লেমন মিয়া, অর্থ বিষয়ক সম্পাদক রুবেল মিয়া, মাদারগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল সরকারসহ আরও অনেকে।
নতুন যোগদানকারী নেতারা বলেন, দীর্ঘদিন তৃণমূল পর্যায়ে কাজ করলেও সাম্প্রতিক সময়ে দলীয় সিদ্ধান্তে ধারাবাহিকতার অভাব, প্রার্থী মনোনয়নে হঠাৎ পরিবর্তন এবং আদর্শিক অবস্থান নিয়ে বিভ্রান্তির কারণে তারা হতাশ হয়ে পড়েন। এসব কারণে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে কাজ করার লক্ষ্যে তারা জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।
মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুরুল আমিন ও সেক্রেটারি ফরহাদ হোসেন নতুন সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, তাদের যোগদানে সংগঠনের তৃণমূল ভিত্তি আরও শক্তিশালী হবে এবং ভবিষ্যতের রাজনৈতিক কার্যক্রমে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

