লিফটে আটকা পড়া সাত শিক্ষার্থীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

লিফটে আটকা পড়া সাত শিক্ষার্থীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

নেত্রকোণা শহরের সমাজসেবা অধিদপ্তরের ছয়তলা ভবনের একটি লিফটে আটকা পড়া সাত শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল প্রায় পৌনে ১১টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে ভবনের চতুর্থ তলায় লিফটটি আটকে গেলে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলেন— মেহেদী হাসান (১৯), রিফাত (১৬), শুভ (১৬), মৌন (১৭), শ্রাবণ (১৮), পায়েল (১৭) ও সিয়াম (১৭)। তারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। সমাজসেবা অধিদপ্তরের একটি প্রশিক্ষণে অংশ নিতে তারা ভবনটিতে গিয়েছিলেন।

নেত্রকোণা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান জানান, খবর পেয়ে তার নেতৃত্বে আট সদস্যের একটি দল সকাল ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যরা হাইড্রোলিক স্প্রেডার ব্যবহার করে লিফটের দরজা খুলে ভেতরে আটকে থাকা সাত শিক্ষার্থীকে নিরাপদে বের করে আনেন। সকাল ১১টা ২০ মিনিটে উদ্ধার অভিযান শেষ হয়।

তিনি আরও জানান, লিফটের যান্ত্রিক ত্রুটির কারণেই এ ঘটনা ঘটে। তবে আটকে পড়া শিক্ষার্থীদের কেউ আহত হননি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন