এক নারীসহ গ্রেপ্তার ৩

কালাইয়ে ৩ হাজার পিস ট্যাপেন্টাডল উদ্ধার

কালাইয়ে ৩ হাজার পিস ট্যাপেন্টাডল উদ্ধার
ছবি: আমার দেশ

জয়পুরহাটের কালাইয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার রাত ৮টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রোববার সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত কালাই থানাধীন টাকাহুত গ্রামের মধুবন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিএনজিতে তল্লাশি চালিয়ে ৩ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ছোতরপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে, হেলাল উদ্দিন (৩০), বগুড়া পৌরসভার রহমান নগর এলাকার মৃত আসলামের মেয়ে, শারমিন (২৬) এবং জয়পুরহাট সদর উপজেলার বেল আমলা দিঘীরপাড় এলাকার মৃত চুড়কু কর্মকারের ছেলে বাবু কর্মকার (৪৫)।

জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাকিল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালাই উপজেলার টাকাহুত মধুবন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন