হবিগঞ্জ পিডিবিতে ভিডিও দেখাতেই ঘুষের টাকা ফেরত

হবিগঞ্জ পিডিবিতে ভিডিও দেখাতেই ঘুষের টাকা ফেরত
ছবি: আমার দেশ

হবিগঞ্জে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) এক কর্মচারীর বিরুদ্ধে উঠেছে ঘুষ নেওয়ার অভিযোগ। ঘটনার ভিডিও কর্মকর্তাদের দেখানো হলে ঘুষের টাকা ফেরতও দেন হবিগঞ্জ পিডিবির অফিস সহায়ক অভিযুক্ত নাজমা আক্তার।

অভিযোগকারী হবিগঞ্জ পৌরসভার শায়েস্তানগর এলাকার মোফাজ্জল হোসেন জানান, নতুন আবাসিক সংযোগ নিতে গত সোমবার তিনি পিডিবির কার্যালয়ে যান। এর জন্য নির্ধারিত ফি প্রায় ৫০০ টাকা বলে জানতেন তিনি। তবে অফিস সহায়ক নাজমা আক্তার তার কাছে ৪ হাজার ৫০০ টাকা দাবি করেন।

বিজ্ঞাপন

পরে তিনি অফিস থেকে চলে যান। মঙ্গলবার ফের ওই অফিসে গিয়ে সাড়ে ৪ হাজার টাকা দিয়েই সংযোগ নিতে চান বলে নাজমাকে জানান তিনি। ওই টাকা দেওয়ার ঘটনা কৌশলে মোবাইল ফোনে ভিডিও করেন।

পরে দুপুরে পিডিবি হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী মঞ্জুর মোর্শেদকে দেখান ঘুষ গ্রহণের ভিডিওটি। তা দেখেই ঘুষের টাকা ফেরত দিতে নাজমাকে নির্দেশ দেন তিনি। প্রকাশ্যেই পুরো টাকা ফেরত দেন নাজমা আক্তার।

কয়েকজন গ্রাহক তখন অভিযোগ তোলেন- বিদ্যুৎ সংযোগের লোড প্রতি কিলোওয়াট বাড়াতে ৪৮৫ টাকা ফি দিতে হয়। কিন্তু পিডিবির কর্মকর্তা-কর্মচারীদের একটি সিন্ডিকেট প্রতি ইউনিটে অতিরিক্ত ১ থেকে ২ হাজার টাকা করে নেন। ঘুষের টাকা ফেরত দেওয়ার সময় এ বিষয়টিও আলোচনায় আসে।

হবিগঞ্জ পিডিবির নির্বাহী প্রকৌশলী মঞ্জুর মোর্শেদ বলেন, ‘বাড়তি টাকা নেওয়ার ঘটনা ভিডিওর মাধ্যমে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। আরও যেসব অভিযোগ রয়েছে, তা তদন্তের জন্য কমিটি গঠন করা হবে। নাজমার বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন