ভোলাহাটে মোটরবাইকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

ভোলাহাটে মোটরবাইকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মোটরবাইকের ধাক্কায় তোফাজুল ইসলাম (৬০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ দুজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার খালে আলমপুর উচ্চ বিদ্যালয়ের সামনে সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তোফাজুল ইসলাম ভোলাহাট উপজেলার খালে আলমপুর গ্রামের মৃত আমিনের ছেলে।

বিজ্ঞাপন

আহতরা হলেন মোটরসাইকেল চালক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আরামবাগ গ্রামের আনোয়ারের ছেলে শুকুর আলী (৩২) এবং বালুগ্রাম গ্রামের সাইফুল ইসলামের ছেলে মো. সানি (২৬)।

স্থানীরা জানান, তোফাজুল ইসলাম বাইসাইকেলে করে কলার বাগানে যাচ্ছিলেন। পথে খালে আলমপুর উচ্চ বিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর বাইসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি ছিটকে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যান। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা দুজনসহ মোট তিনজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল ওজিদ আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। হাসপাতালে নেওয়ার পথে জামতলা বাজারে তোফাজুল ইসলামের মৃত্যু হয়।

ভোলাহাট থানার এসআই আব্দুল বসীর জানান, আমি ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন