গ্রামীণ জনপদের উন্নয়নে বিএনপি সরকার সর্বোচ্চ গুরুত্ব দেবে: হুইপ দুলু

গ্রামীণ জনপদের উন্নয়নে বিএনপি সরকার সর্বোচ্চ গুরুত্ব দেবে: হুইপ দুলু
অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু

নাটোর-২ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের ৬৮ হাজার গ্রামের উন্নয়নই বাংলাদেশের প্রকৃত উন্নয়ন। তাই গ্রামীণ জনপদের অবকাঠামো উন্নয়নে বিএনপি সরকার সর্বোচ্চ গুরুত্ব দেবে।

বিজ্ঞাপন

শুক্রবার বিকেলে সদর উপজেলার হালসা উচ্চ বিদ্যালয় মাঠে ৪ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে একটি সাইক্লোন সেন্টার নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, প্রয়োজন অনুযায়ী দেশের বন্যাপ্রবণ ও দুর্যোগকবলিত এলাকায় আশ্রয়ণ প্রকল্প, সাইক্লোন সেন্টার, সড়ক, সেতু, শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হবে। গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করবে।

তিনি আরো বলেন, বিএনপি হিংসা-বিদ্বেষের রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা সবাইকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়ন করতে চাই।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে হুইপ দুলু বলেন, দুই বছর আগে এই জুলাই মাসেই ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতন ঘটে। তবে ওই সরকারের সহযোগীরা এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সবাইকে সচেতন থেকে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. রহিম নেওয়াজ, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দীন নাসিম, জেলা যুবদলের সভাপতি এ এইচ তালুকদার ডালিম এবং হালসা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ ইব্রাহীম খলিলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন