পাবনার ফরিদপুরে সাকিবুল (১৩) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার ডেমরা ইউনিয়নের মাজাট গ্রামের বড়াল নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে ফরিদপুর থানা পুলিশ। সে উপজেলার রতনপুর মধ্যপাড়া গ্রামের হারিছ প্রামাণিকের ছেলে। পুলিশের ধারণা, অটোভ্যান গাড়ি ছিনতাই করতেই সাকিবুলকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভ্যান গাড়ি নিয়ে যাত্রী পরিবহনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সাকিবুল। এরপর আর বাড়ির লোকজনের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। একপর্যায়ে মাজাট গ্রামের লোকজন গ্রামের উত্তরে বড়াল নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করলে লাশটি সাকিবুলের বলে তার পরিবারের লোকজন সনাক্ত করেন। এ সময় সাকিবুলের অটোভ্যান গাড়িটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ বিষয়ে ফরিদপুর থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন আমার দেশকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে। আগামীকাল সকালে ময়নাতদন্তের জন্য লাশ পাবনা হাসপাতাল মর্গে পাঠানো হবে ।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

