পাবনার ঈশ্বরদীতে আবারও ফিল্মি স্টাইলে তাণ্ডব চালিয়েছে ‘কাকন বাহিনী’। এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন এক গরুর রাখাল। স্থানীয়দের ভাষায়, এ যেন সিনেমাকেও হার মানানো গুলির দৃশ্য।
শনিবার সকালে ঈশ্বরদী উপজেলার সাড়া ইউনিয়নের সাড়া ও ইসলামপাড়া এলাকায় এই ভয়াবহ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ সোহান হোসেন (২৮) ঈশ্বরদীর মাজদিয়া চৌধুরীপাড়ার সাহাবউদ্দিন মোল্লার ছেলে। প্রথমে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও পরে অবস্থার অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, গত এক দশক ধরে পাবনা, কুষ্টিয়া ও নাটোর অঞ্চলের বালু মহলগুলো ‘কাকন বাহিনী’ নামক একটি চক্রের নিয়ন্ত্রণে। বৈধ ইজারা থাকা সত্ত্বেও সাড়া ঘাট দখলে নিতে বারবার হামলা চালাচ্ছে এ বাহিনী।
এর আগেও গত ৫ জুন ঠিক একইভাবে ফিল্মি কায়দায় স্পিডবোট ও নৌকা নিয়ে এসে ওই বাহিনী গুলি ছুড়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও সেই কায়দায় গুলি চালালো তারা।
গুলিবিদ্ধ সোহান হোসেন বলেন, আমি মাঠে গরুর জন্য ঘাস কাটতেছিলাম। হঠাৎ স্পিডবোট আর নৌকা নিয়ে এসে গুলি ছুড়তে থাকে। আমি একটু ওপরে উঠে দেখতে গিয়েই হাতে গুলিটা লাগে। সাথে সাথেই পড়ে যাই। পরে লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ঘটনার পর সাড়া ঘাট এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঈশ্বরদী থানার ইন্সপেক্টর (তদন্ত) এবিএম মনিরুল ইসলাম বলেন, গুলিবর্ষণের খবর পেয়েই আমরা এসেছি। একজন রাখাল গুলিবিদ্ধ হয়েছেন বলে জেনেছি। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।
সাড়া ঘাটের ইজারাদার সুলতান আলী বিশ্বাস টনি ও তরি মহালের ইজারাদার মেহেদী হাসান অভিযোগ করে বলেন,
আমরা বৈধভাবে ইজারা নিয়েছি। কিন্তু লালপুরের আওয়ামী লীগ নেতা কাকন ও ঈশ্বরদী যুবলীগ নেতা মিলন চৌধুরী অবৈধভাবে আমাদের ব্যবসা দখল করতে চায়। চাঁদা না দিলে হামলা করে। প্রশাসন কিছুই করছে না। কৃষকরাও মাঠে যেতে ভয় পাচ্ছে।
এ ঘটনায় অভিযুক্ত কাকন ও মিলন চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। ফলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

