রায়গঞ্জে মার্কেটে আগুনে ৭৫ লাখ টাকার ক্ষতি

রায়গঞ্জে মার্কেটে আগুনে ৭৫ লাখ টাকার ক্ষতি
ছবি: সংগৃহীত।

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিশ্বাস সুপার মার্কেটের তিনটি প্রতিষ্ঠানের গোডাউন, মেশিনপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার চান্দাইকোনা বন্দরের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়ী মো. জহুরুল ইসলামের তুলার গোডাউন ও লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে রায়গঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে বেডিং ব্যবসায়ী জহুরুল ইসলামের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া মিলন হোসেনের ফ্রিজের গোডাউনে থাকা প্রায় ২০ লাখ টাকার মালামাল এবং শাহাদতের গোডাউন, মেশিন ও একটি মোটরসাইকেল পুড়ে গিয়ে আরও প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সর্বমোট ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রায়গঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মো. মাহফুজুর রহমান জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।

সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি-১-এর ভূঞাগাঁতী জোনাল অফিসের ডিজিএম মো. নেজামুল ইসলাম জানান, বিদ্যুৎ বিভাগের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভবনের ওয়্যারিংয়ে নিম্নমানের তার ব্যবহারের কারণে শর্টসার্কিট হয়ে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে সবাই বাসায় ঘুমিয়ে থাকা অবস্থায় আগুনটি লাগে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে আগুনে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন