পাবনার ঈশ্বরদীতে বজ্রপাতে রকিবুল ইসলাম (৪৪) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় শামসুল আলম (৩৮) নামে আরও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের বিলকেদার চরে এ ঘটনা ঘটে।
নিহত রকিবুল ইসলাম কৈকুন্ডা গ্রামের মৃত মারজেন হোসেনের ছেলে। আহত শামসুল আলম বিলকেদার গ্রামের হামিদ আলীর ছেলে। তারা দুজনই বিলকেদার চরে কৃষিকাজ করছিলেন।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে জমিতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে রকিবুল ইসলাম ও শামসুল আলম দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রকিবুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত শামসুল আলম হাসপাতালে চিকিৎসাধীন ।
ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান জানান, বজ্রপাতে নিহত রকিবুল ইসলামের লাশ ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

