প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৬ সালে কবি কাজী নজরুল ইসলামকে দেশে এনে নাগরিকত্ব দিয়েছিলেন। তিনি বলেন, ১৯৪৭, ১৯৭১ এমনকি ২০২৪ সালের আন্দোলনেও নজরুলের গান জাতিকে জাগিয়ে তুলেছে।
শুক্রবার বিকেলে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদ আয়োজিত নজরুল বর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী আহমেদ বলেন, শুধু শহর নয়, দেশের প্রতিটি গ্রাম-গঞ্জে কবি কাজী নজরুল ইসলামের আদর্শ ছড়িয়ে দিতে হবে। নজরুল শুধু বিদ্রোহের কবি নন, তিনি খোদাভীরু কবি, প্রেমের কবি এবং সাম্যের কবি। তিনি হিন্দু-মুসলিম সবার কবি।
তিনি বলেন, নজরুল যেমন শ্যামাসংগীত রচনা করেছেন, তেমনি ইসলামী সংগীতও লিখেছেন। তার সাহিত্য থেকে মানুষ ন্যায়-অন্যায়ের বোধ এবং মানবতার শিক্ষা গ্রহণ করছে।
বিএনপি সরকারের কার্যক্রম তুলে ধরে রিজভী বলেন, বিরোধী দল বুঝতে পারে না বিএনপি সরকার কী ধরনের পরিবর্তন এনেছে। বিএনপির কয়েক মাসের শাসনামলে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা শেয়ারবাজার কেলেঙ্কারির মতো ঘটনা ঘটছে না। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বাড়েনি—এটাই পরিবর্তন।
তিনি বলেন, অতীতে পাটের ন্যায্যমূল্য না পেয়ে কৃষক আত্মহত্যা করতেন। এখন কৃষক পাটের ন্যায্য দাম পাচ্ছেন।
বিরোধী দলকে উদ্দেশ্য করে রিজভী বলেন, আধিপত্যবাদের কাছে মাথা নত না করার কারণেই তারা ক্ষমতায় আসতে পারেনি। তিনি বলেন, “বিএনপির সঙ্গে জোট করে তারা পেয়েছিল ১৮টি আসন, আর জোট থেকে বের হয়ে পেয়েছে মাত্র ৩টি আসন।”
তিনি আরও বলেন, বিরোধী দল সরকারের গঠনমূলক সমালোচনা করবে—এটাই স্বাভাবিক। তবে মিথ্যা প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। বিএনপি সরকার যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে, তা বাস্তবায়ন করবে বলেও জানান তিনি।
রিজভী বলেন, ইতোমধ্যে খাল খনন কর্মসূচি ও বিভিন্ন কার্ড দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি দেশের বন্ধ কলকারখানা চালুর বিষয়েও বিএনপি সরকার পরিকল্পনা করছে।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ। জেলা জিয়া পরিষদের সভাপতি উপাধ্যক্ষ আহমুদুল হক চৌধুরী স্বপন অনুষ্ঠান সঞ্চালনা করেন।
কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন নজরুল গবেষক চুয়াডাঙ্গা সরকারি কলেজ ও নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক যথাক্রমে ড. মুন্সি আবু সাইফ ও মো. গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক, জেলা পরিষদের প্রধান নির্বাহী পারভেজুর রহমান এবং জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ।
অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, সবাইকে সচেতন থাকতে হবে। ফ্যাসিবাদকে প্রশ্রয় দেওয়া যাবে না। ফ্যাসিবাদের কোনো ফাঁদে কেউ যেন পা না দেন। ফ্যাসিবাদ ফিরে এলে কেউ নিরাপদ থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নাটোর চিনিকল পরিদর্শন করেন। এ সময় চিনিকলের কোনো কর্মকর্তা উপস্থিত না থাকায় দুজন ক্যাশিয়ার ও সিবিএ সাধারণ সম্পাদক তাকে স্বাগত জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

