রাজশাহীতে আবদুল বারী (৪০) নামের এক মুদি দোকানিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই হামলায় চালানের আগে তার দোকানে পেট্রল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে নগরীর রাজপাড়া থানার বাকির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত আবদুল বারী বাকির মোড় এলাকার বদরুল সরকারের ছেলে।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার পর নগরীর চণ্ডীপুর এলাকার কয়েকজন যুবক বাকির মোড় এলাকায় আসে। তারা মাদক সেবনের পর টাকা ভাঙানোর উদ্দেশ্যে বারীর দোকানে যায়। বারী টাকা ভাঙিয়ে দিতে অপারগতা প্রকাশ করলে তাদের সাথে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।
অভিযোগ রয়েছে, এর জের ধরে রাত পৌনে ২টার দিকে ৫০ থেকে ৫৫ জনের একটি সশস্ত দল দেশীয় অস্ত্র ও পেট্রল বোমা নিয়ে বারীর বাড়ির সামনে চড়াও হয়। হামলাকারীরা প্রথমে তার মুদি দোকানের শাটারের তালা ভেঙে ফেলে এবং পরে পেট্রল বোমা ছুড়ে দোকানে আগুন ধরিয়ে দেয়।
দোকানে আগুন জ্বলতে দেখে বারীসহ তার পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসেন। এ সময় ওত পেতে থাকা হামলাকারীরা বারীকে ধরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে রোববার দুপুর পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং এজাহার পাওয়ার পরপরই আসামিদের গ্রেপ্তারে অভিযানে নামবে পুলিশ। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

