বিএনপির নির্বাহী কমিটির সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ফ্যাসিবাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে দেশে ফ্যাসিবাদরা মাথাচাড়া দিয়ে উঠবে।
বৃহস্পতিবার শহরের আলাইপুর উপশহর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, ৫০ বছরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কেউ কথা বলেননি। যার চরিত্রে কোনো খুঁত ছিল না। যাকে নিয়ে ফ্যাসিবাদ শেখ হাসিনাও কোনো কটূক্তি করতে পারেনি। আজ তাকে নিয়ে মিথ্যা অপপ্রচার ও ছবি অবমাননা করা হচ্ছে। যিনি তার সারাজীবন দেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরে তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। আজকে তাকে নিয়েও কূটক্তি করা হয়েছে। যার কারণে সারাদেশে মৌচাকের মতো ছাত্র-জনতা, যুবকেরা ক্ষেপে উঠেছেন। আপনাদের অন্যায় অবিচারের প্রতি মানুষ জেগে উঠেছে। তারেক রহমান বলেছেন, জনগণ যাকে চাইবে, তিনিই প্রধানমন্ত্রী হবেন। তিনি প্রধানমন্ত্রী হতে চাইনি। জনগণের ভোটে যিনি বিজয়ী হবেন, তিনিই দেশ পরিচালনা করবেন। এটাই দেশের সংবিধান এবং গণতন্ত্র। তিনি তো সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চেয়েছেন। ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে যিনি ১৭ বছর ধরে সংগ্রামের নেতৃত্ব দিয়ে আসছেন। যার কারণে তাকে বারবার নির্যাতনের স্বীকার হতে হয়েছে।
আওয়ামী লীগকে নিয়ে দুলু বলেন, ফ্যাসিবাদরা যেন মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। সেজন্য আমাদের একত্রে কাজ করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টটদের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে। সেজন্য যত দ্রুত সম্ভব দেশে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তাহলে ফ্যাসিস্টরা সেই সুযোগ পাবে না। মহল্লায়, মহল্লায় পাহাড়ায় দিতে হবে, যেন ফ্যাসিবাদ যেন ঘুরে দাঁড়াতে না পারে। তাই নিজের মধ্য বিবেধ সৃষ্টি না করে দেশ গঠনে ঐক্যবদ্ধ হতে হবে।
জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্যে দেন- জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম-আহবায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষারসহ জেলার বিভিন্ন এলাকার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

