রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩১তম রাজশাহী ইন্টারন্যাশনাল (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৬। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের (আইটিএফ) অনুমোদন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আর্থিক অনুদান এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহায়তায় রাজশাহী টেনিস কমপ্লেক্স এ প্রতিযোগিতার আয়োজন করছে। আগামী ৫ থেকে ১০ অক্টোবর পর্যন্ত রাজশাহীর টেনিস কমপ্লেক্সে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের আসরে স্বাগতিক বাংলাদেশসহ বিশ্বের ৯টি দেশের শতাধিক জুনিয়র টেনিস খেলোয়াড় অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, হংকং, নেপাল, জাপান, চীন ও যুক্তরাষ্ট্র।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী বালকদের মধ্যে র্যাংকিংয়ে শীর্ষস্থানে রয়েছেন থাইল্যান্ডের লিকুল পাটচারাফুল (আইটিএফ বিশ্ব জুনিয়র র্যাংকিং ১০৫১) এবং বালিকাদের মধ্যে শীর্ষে রয়েছেন ভারতের শেষ শাজফা (আইটিএফ বিশ্ব জুনিয়র র্যাংকিং ২০৪৫)।
খেলার সূচি ও ড্র:
বালক ও বালিকা একক বিভাগে ৩২ জন করে মূল ড্রয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে ৪ জন কোয়ালিফাইং রাউন্ড থেকে এবং ৪ জন ওয়াইল্ড কার্ড এন্ট্রির মাধ্যমে মূল ড্রয়ে অংশগ্রহণের সুযোগ পাবেন। এছাড়া বালক দ্বৈত বিভাগে ১৬টি এবং বালিকা দ্বৈত বিভাগে ১৬টি দল নিয়ে ড্র অনুষ্ঠিত হবে। আগামী ৪ অক্টোবর টুর্নামেন্টের কোয়ালিফাইং পর্ব সম্পন্ন হওয়ার পর ৫ অক্টোবর সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে মূল ড্রয়ের খেলা শুরু হবে।
আন্তর্জাতিক এই টুর্নামেন্টের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন হাসিনুর রহমান টিংকু। টুর্নামেন্ট রেফারি হিসেবে দায়িত্ব সামলাবেন আইটিএফ অনুমোদিত হোয়াইট ব্যাজ রেফারি ভারতের জয় মুখার্জী।
আগামী ৫ অক্টোবর সকাল ৯টায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এ ছাড়া রাজশাহীর সংসদ সদস্যবৃন্দ এবং বিভাগীয় ও জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
টুর্নামেন্টটি সবার জন্য উপভোগ্য করতে কোনো ধরনের প্রবেশ ফি রাখা হয়নি। শিশু-কিশোরদের মাঝে টেনিসের প্রতি আগ্রহ তৈরিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের খেলা দেখার বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী ১০ অক্টোবর সকাল ৯টায় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বহুজাতিক এই ক্রীড়া আসরের সমাপ্তি ঘটবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

