সিরাজগঞ্জে মাদক মামলায় দুই জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে মাদক মামলায় দুই জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে পৃথক দুটি মাদক মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিজ্ঞাপন

বুধবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আবু খান শাহীন এবং অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক লায়লা শারমিন আসামিদের উপস্থিতিতে পৃথকভাবে এ রায় প্রদান করেন।

সলঙ্গা থানায় দায়ের করা মামলায় আসামি রফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাদারপুরের ডিমভাঙা গ্রামের মৃত শওকত আলীর ছেলে।

অপর দিকে, যমুনা সেতু পশ্চিম থানায় দায়ের করা মামলায় আসামি সুমন হাসানকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার মতখুর এলাকার শহিদুল ইসলামের ছেলে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আনিছুর রহমান ও শামচুজ্জোহা শাহানশাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৩ আগস্ট দুপুরে সিরাজগঞ্জগামী ‘সিথি পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৯০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

অপর দিকে, ২০১৯ সালের ১৯ মার্চ যমুনা সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন এলাকায় বিকেলে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ‘দ্রুতযান এক্সপ্রেস’ ট্রেনটি যমুনা সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছালে পুলিশ তল্লাশি শুরু করে সুমন হাসান নামের এক যুবকের শরীর তল্লাশি করে ৯০০ পিস বুপেনরফিন ইনজেকশন জব্দ করে পুলিশ। এ ঘটনায় সিরাজগঞ্জ জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) উজ্জ্বল বিশ্বাস বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলার সাক্ষ্যপ্রমাণ গ্রহণ ও শুনানি শেষে আদালত বুধবার পৃথক দুটি মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন