বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, আ.লীগ ও যুবলীগ নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, আ.লীগ ও যুবলীগ নেতা গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর হামলার মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুন নুর।

শনিবার মধ্য রাতে শহরের মধ্য অরণকোলা এলাকা থেকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাহাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতলেবুর রহমান মিনহাজ ফকিরকে আটক করা হয়।

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার রাতে উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. নাজিম উদ্দিন রনিকে শহরের একটি ইটভাটা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খানের ছেলে।

ওসি আ স ম আব্দুন নূর বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় এ দুজন এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকেই তাঁরা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, মামলার অন্য আসামিদের আটকে অভিযান চলমান রয়েছে। ওই মামলায় সব আসামিদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন