নওগাঁয় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সেনাসদস্য মো. জুবায়ের আহম্মেদ (২৫) চিকিৎসাধীন অবস্থায় অবশেষে মারা গেছেন। বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত জুবায়ের আহম্মেদ নওগাঁর সাপাহার উপজেলার উত্তর পাতাড়ী গ্রামের আসাদুল হকের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ছুটি নিয়ে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে বুধবার বিকেলে এস আর পরিবহনে এসে নওগাঁ বাসস্ট্যান্ডে নামেন জুবায়ের। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে নিজ গ্রাম সাপাহারের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে মহাদেবপুর উপজেলার আখেড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় জুবায়ের মারাত্মক আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া সিএমএইচে স্থানান্তর করা হয়। পরবর্তীতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবারের দুই ভাই-বোনের মধ্যে জুবায়ের ছিলেন ছোট। মাত্র এক বছর আগে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। তিনি সাপাহার আল-হেলাল একাডেমির প্রাক্তন শিক্ষার্থী (২০২০ ব্যাচ) ছিলেন। জুবায়েরের গ্রামের বাড়ি জেলার সাপাহার উপজেলার পাতাড়ি গ্রামে। নিহতের লাশ দাফন করা হবে আজ বিকেলে।
তার এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

